গাজীপুর মহানগরীর গাছা এলাকায় কারখানা ছুটির পর বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক (২৭) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাছা থানার বড়বাড়ি সংলগ্ন শাহরিয়ার গার্মেন্টসের গলিতে এই ঘটনা ঘটে।
নিহত কার্তিক স্থানীয় কুনিয়া (তারগাছ) এলাকার ‘ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল’ নামের একটি তৈরি পোশাক কারখানায় ফিনিশিং অপারেটর হিসেবে নিয়োজিত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কারখানার ডিউটি শেষে হেঁটে বাসায় ফিরছিলেন কার্তিক।
পথিমধ্যে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীরা তাকে আক্রমণ করে এবং ধারালো অস্ত্র দিয়ে উরুতে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রাব্বানী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।গাছা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের উরুতে গভীর জখম পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


