গার্মেন্টস শিল্প সেক্টরের শ্রমিক প্রতিনিধিদের নাম পাওয়ার পর সরকারি ছুটি না থাকলে পরবর্তী দুই দিনের মধ্যে মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গার্মেন্টস খাতের শ্রম অসন্তোষ ও নতুন মজুরি বোর্ড গঠন নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, নতুন মজুরি বোর্ড গঠনের লক্ষ্যে সরকার ও মালিকপক্ষের প্রতিনিধিদের নাম ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। এখন কেবল শ্রমিকদের পক্ষ থেকে মনোনীত প্রতিনিধি পাওয়ার অপেক্ষা রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করে প্রতিনিধি চূড়ান্ত করতে শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

বকেয়া মজুরির বিষয়ে শ্রমমন্ত্রী বলেন, যেসব পোশাক কারখানায় এখনো শ্রমিকদের পাওনা বকেয়া রয়েছে, সেগুলোর মালিকদের সাথে সমন্বয় করে দ্রুত বকেয়া পরিশোধের কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

তৈরী পোশাক খাতের সমস্যা নিরসনে মালিক, শ্রমিক ও সরকার—এই তিন পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, যেকোনো কারখানার অভ্যন্তরীণ সমস্যা সংশ্লিষ্ট সীমানার ভেতরেই আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এতে শ্রমিক ও মালিক সংগঠনসহ সরকার সব ধরনের সহায়তা দেবে।

ব্রিফিংয়ে তিনি শ্রমিকদের রাস্তায় নেমে যান চলাচল বা জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান। একই সাথে কারখানা কেন্দ্রিক যেকোনো অসন্তোষে বাইরের তৃতীয় কোনো পক্ষ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সজাগ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com