বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বিশ্বমানের পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) সংক্রান্ত শর্তাবলী পূরণ এবং আন্তর্জাতিক বাজারের পরিবর্তনশীল চাহিদা মোকাবেলায় আনুষ্ঠানিকভাবে তাদের নতুন ‘ইএসজি প্ল্যাটফর্ম’ (ইএসজি ড্যাশবোর্ড) উন্মোচন করেছে। আজ উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।

প্রধান অতিথির বক্তব্যে ড. তিতুমীর জানান, বিগত আট মাসে সরকার জ্বালানি খাতে প্রায় ৪.১২ বিলিয়ন ডলার ভর্তুকি প্রদান করেছে। ভঙ্গুর অর্থনীতি, মূল্যস্ফীতি এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব—এই তিনটি বড় চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সরকার নিরলস কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, কর না বাড়িয়ে অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি, পোশাক উৎপাদন খাতে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে সফলভাবে বের হয়ে আসার সম্ভাবনার কথা জানিয়ে তিনি বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ-র সংস্কারমুখী নেতৃত্বের প্রশংসা করেন।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে দেশীয় পোশাক কারখানাগুলোকে তথ্যনির্ভর ও কঠোর অনুপালন নিশ্চিত করতে হবে। তিনি জানান, বর্তমানে ৩২৬টি কারখানা এই প্ল্যাটফর্মে তাদের তথ্য যুক্ত করেছে। খুব শীঘ্রই সব সদস্য কারখানার জন্য এই প্ল্যাটফর্মে তথ্য প্রদান বাধ্যতামূলক করা হবে, যেখানে বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে কাজ করতে পারে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজিএমইএ পরিচালক ও প্ল্যাটফর্মটির মূল উদ্যোক্তা শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ। তিনি জানান, কারখানাগুলোর সাধারণ শর্তাবলী মেনে চলার মানসিকতাকে বিশ্ববাজারে বাণিজ্যিক সুবিধায় রূপান্তর করতেই ২০১৯ সাল থেকে শুরু হওয়া এই বিশেষ উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে।

ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেন। ডেমোক্রেসি ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে জাতীয় ঐক্য ও জুলাই সনদের সুষ্ঠু বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিআইজিডি-র গবেষণা পরিচালক অধ্যাপক মুন্সী সুলাইমান অনুষ্ঠানে টেকসই পোশাক খাতের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। বিজিএমইএ-র রেসপন্সিবল বিজনেস হাবের লিড কো-অর্ডিনেটর শেখ সুচিতা জাহান স্নেহা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

উল্লেখ্য, ডেনমার্ক দূতাবাসের আর্থিক সহায়তায় এবং বিআইজিডি ও ‘ম্যাপড ইন বাংলাদেশ’ (এমআইবি)-এর কারিগরি সহযোগিতায় উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে বিজিএমইএ-র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান এবং পরিচালক নাফিস উদ দৌলাসহ পরিচালনা পর্ষদের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com