বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে ৫৮৩ জন শ্রমিক ও তাঁদের পরিবারকে প্রায় ৫ কোটি টাকার অনুদানের চেক দেওয়া হয়েছে। মূলত চিকিৎসা সহায়তা, মৃত শ্রমিকের পরিবারকে সাহায্য এবং শ্রমিকদের সন্তানদের পড়াশোনার খরচ বাবদ এই আর্থিক সাহায্য দেওয়া হয়।
বুধবার (১৪ অক্টোবর) শ্রম ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের এই চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম মন্ত্রী জানান, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জ এলাকার শ্রমিকদের মাঝে এই অর্থ বিতরণ করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমিকদের জন্য এটিই এখন পর্যন্ত সর্ববৃহৎ অনুদান।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে—শ্রমিকরা ভালো থাকলে দেশের উৎপাদন ও সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। আগে অনেক বড় প্রতিষ্ঠান শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পাওনা লভ্যাংশ দিত না, কিন্তু বর্তমান সরকার সেই বকেয়া অর্থ উদ্ধার করে সরাসরি শ্রমিকদের হাতে তুলে দিচ্ছে।
মালিক ও শ্রমিকের সম্পর্কের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, শিল্পকারখানার উৎপাদন বৃদ্ধি পেলে আলোচনা সাপেক্ষে শ্রমিকদের মজুরি বাড়ানো সম্ভব হবে, যার জন্য রাজপথে আন্দোলনের প্রয়োজন নেই। কলকারখানায় কোনো অনিয়ম দেখা দিলে সড়ক অবরোধ না করে সরাসরি শ্রম পরিদর্শকদের জানানোর জন্য তিনি শ্রমিকদের আহ্বান জানান।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আশ্বাস দেন, শ্রমিক পরিবারের মেধাবী সন্তানরা যেন অর্থাভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ ইরতিজা আহসান। এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


