দেশের তৈরি পোশাক খাতের বর্তমান বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যা কাটিয়ে উঠতে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএসহ পোশাক শিল্পসংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে এলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে দেশের চলমান অর্থনীতিকে গতিশীল ও বেগবান রাখতে সব পক্ষের সুসংগঠিত ভূমিকার ওপর জোর দেন রাষ্ট্রপ্রধান। তিনি জানান, দেশের অর্থনৈতিক কাঠামো সুদৃঢ়করণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের সক্ষমতা বাড়াতে বর্তমান সরকার বাণিজ্য ও শিল্পবান্ধব নানামুখী নীতি রূপায়ণ করছে।
ক্রমবিকাশমান অর্থনীতিতে শিল্পকারখানা ও বাণিজ্য খাতকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সব নীতিগত সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে স্থানীয় শিল্পে নতুন বিনিয়োগ উৎসাহিত করতে ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে আনার বিষয়টিও উল্লেখ করেন।
চলমান জ্বালানি সংকট মোকাবিলার কথা তুলে ধরে রাষ্ট্রপতি শিল্প উদ্যোক্তাদের সৌরবিদ্যুৎসহ অন্যান্য পরিবেশবান্ধব বিকল্প জ্বালানি ব্যবহারের দিকে মনোযোগ দেওয়ার অনুরোধ জানান। দেশের সামগ্রিক অর্থনীতিকে সচল রাখতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলেও আশ্বস্ত করেন তিনি।
বঙ্গভবনের ওই বৈঠকে রাষ্ট্রপতির সচিবালয়ের শীর্ষ কর্মকর্তা এবং বিকেএমইএ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।


