উৎপাদন খরচ বৃদ্ধিতে সংকটে সিরাজগঞ্জের তাঁতশিল্প, বন্ধ ১ লাখ তাঁতসুতা ও রং সহ আনুষঙ্গিক কাঁচামালের দাম বাড়ায় উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গেছে সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলোতে। উৎপাদিত কাপড়ের যথাযথ বাজারমূল্য না পাওয়ায় টানা লোকসান গুনতে হচ্ছে তাঁতিদের।

ক্রমাগত পুঁজি হারিয়ে গত কয়েক বছরে জেলার প্রায় ১ লাখ তাঁত বন্ধ হয়ে গেছে। স্থানীয় তাঁতিরা জানান, বাজারজাতকরণের জটিলতা এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণে তারা চরম আর্থিক লোকসানের মুখোমুখি হচ্ছেন। বাকবাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড তাঁতি সমিতির সভাপতি মো. আব্দুর রাজ্জাক জানান, লোকসানের মুখে পড়ে দীর্ঘদিনের এই পারিবারিক পেশা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন অন্তত ২ লাখ শ্রমিক।

তাঁতীদের সংগঠন ও তাঁত বোর্ডের দেয়া তথ্যমতে, সিরাজগঞ্জের ৯টি উপজেলায় বর্তমানে প্রায় ২ লাখ ইউনিট তাঁত সচল রয়েছে।

তাঁতশিল্পের এই সংকট দূর করতে সরকারি উদ্যোগের কথা জানিয়েছেন সিরাজগঞ্জ বাংলাদেশ তাঁত বোর্ডের ভারপ্রাপ্ত লিয়াজোঁ কর্মকর্তা ইমরানুল হক। তিনি জানান, তাঁতজাত পণ্যের উৎপাদন ধারাবাহিকতা ধরে রাখতে এবং ব্যবসা পরিচালনায় সহায়তার জন্য কম সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি উৎপাদিত কাপড়ের গুণগত মান বাড়াতে তাঁতিদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেয়া হচ্ছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com