বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের (বুটেক্স) অ্যাসোসিয়েশন অব ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ার্সের (এআইপিই) ২০২৬ সালের আংশিক নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অ্যালামনাই অ্যাডভাইজরি প্যানেলের অনুমোদনে আগামী ছয় মাসের জন্য এ কমিটি কার্যকর থাকবে।
একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি আত্মপ্রকাশ করবে বলে নিশ্চিত করেছে সংগঠনটি।নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. বুলবুল হাসনাত ফাহিম। এতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রিয়াশাদ আমিন রিশাদ এবং সাধারণ সম্পাদক পদে শিহাব সালেহিন দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের নতুন নেতৃত্বের ওপর আস্থা রেখে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, শিল্প ও করপোরেট খাতের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং পেশাগত প্রস্তুতি সুগম করার প্রত্যাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত সভাপতি বুলবুল হাসনাত ফাহিম বলেন, “এ দায়িত্ব আনন্দের পাশাপাশি নতুন চ্যালেঞ্জের এক বিশেষ সুযোগ। সংগঠনটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা বেশ কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছি।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের ক্যারিয়ার ও পেশাগত দক্ষতা বাড়াতে ‘আইপিই কার্নিভাল’ আয়োজন, শিল্প খাত সম্পর্কে বাস্তব ধারণা দিতে বিশেষ সেমিনার এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় সেশনের পরিকল্পনা রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটির গতিশীলতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


