সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় বিকট শব্দে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে জামগড়া এলাকায় অবস্থিত প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় এই অগ্নিকাণ্ডের সূচনা হয়। বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যে কারখানার বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও সড়কে তীব্র যানজটের কারণে পৌঁছাতে ব্যাঘাত ঘটে। আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট নিয়ে গাড়ি রওনা হয়। তবে বাইপাইল সড়কে চরম যানজট থাকায় গাড়িগুলো আটকে পড়ে।

পরবর্তীতে যানজট ঠেলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের তথ্যমতে, বিস্ফোরণের সময় একটি সিলিন্ডার ছিটকে এসে কারখানার পাশের একটি কাপড়ের দোকানে পড়ে। এতে ঘটনাস্থলেই জয়নাব বেগম নামে এক নারী দোকানি মারা যান। পরে ফায়ার সার্ভিস সদস্যরা কারখানার ভেতর থেকে আরও ছয়জনের মরদেহ উদ্ধার করেন।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com