পোশাক খাতের গতি বাড়াতে সাভারে চালু হলো আধুনিক স্মার্ট ওয়্যারহাউসবিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও জুতা শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) একটি সর্বাধুনিক স্মার্ট ওয়্যারহাউস চালুর ঘোষণা দিয়েছে বৈশ্বিক ম্যাটেরিয়ালস সায়েন্স প্রতিষ্ঠান অ্যাভেরি ডেনিসন। অটোমেশন ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির এই সমন্বয় বাংলাদেশে প্রতিষ্ঠানটির ‘ম্যানুফ্যাকচারিং ৪.০’ রূপকল্প বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে।
৮৩০ বর্গমিটার আয়তনের এই কেন্দ্রে রয়েছে ৭টি অটোমেটেড গাইডেড ভেহিকল (এজিভি), উন্নত প্যাকিং সফটওয়্যার এবং ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম। কেন্দ্রটিতে একসাথে ২৫ হাজার কার্টন পণ্য নিরাপদে সংরক্ষণ করা সম্ভব। অটোমেশনের কারণে পণ্য প্রক্রিয়াজাতকরণের গতি ইতিমধ্যেই ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে আগের তুলনায় পাঁচ গুণ বেশি পণ্য গ্রহণ, দ্বিগুণ দ্রুত পরিবহন এবং ৫০ শতাংশ অতিরিক্ত পণ্য সংরক্ষণের সুবিধা তৈরি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল এবং অ্যাভেরি ডেনিসনের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, মার্কিন প্রযুক্তি ও উদ্ভাবনের এই নতুন বিনিয়োগ দুটি দেশের সার্বিক বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, দীর্ঘ সময় ধরে অ্যাভেরি ডেনিসন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে অবদান রেখে চলেছে। তাদের প্রযুক্তি স্থানান্তর ও আধুনিক উৎপাদন ব্যবস্থা স্থানীয় জনবলের দক্ষতা বাড়িয়ে দেশের পোশাক খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
অ্যাভেরি ডেনিসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বাজারে দ্রুত পণ্য সরবরাহ ও কাস্টমাইজড সেবার চাহিদা বৃদ্ধি পাওয়ায় অটোমেশনের কোনো বিকল্প নেই। নতুন এই ব্যবস্থার মাধ্যমে জটিল আদেশ দ্রুত ও সঠিকভাবে সম্পাদন করা সহজ হবে, যা পুরো সরবরাহ প্রক্রিয়ার ত্রুটি কমাবে।


