বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই লক্ষ্যে টিম গ্রুপের (TEAM Group) লিড প্ল্যাটিনাম সনদপ্রাপ্ত সবুজ কারখানা ‘৪এ ইয়ার্ন ডাইং লিমিটেড’ পরিদর্শন করেছে ডাচ দূতাবাস ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের একটি প্রতিনিধি দল।
সফরে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের উপ-রাষ্ট্রদূত এবং বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান জ্যানা ভ্যান ডার লিন্ডেন। এ ছাড়া ডাচ দূতাবাস, সলিডারিডাট নেটওয়ার্ক এশিয়া এবং ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন।
কারখানায় আগত অতিথিদের স্বাগত জানান টিম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আবদুল্লাহ হিল নাকিব। এ সময় ৪এ ইয়ার্ন ডাইং এবং টিম গ্রুপ সাসটেইনেবিলিটি বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা কারখানাটির পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা, দায়িত্বশীল ব্যবসায়িক নীতি, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ও কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগগুলো ঘুরে দেখেন। পাশাপাশি বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে ‘সার্কুলার ইকোনমি’ বাস্তবায়ন এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আসন্ন নতুন বাণিজ্য বিধিমালা পালনে প্রতিষ্ঠানটির প্রস্তুতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ ও পরিদর্শন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে বিশ্ববাজারে আরও টেকসই, প্রতিযোগিতামূলক ও দায়িত্বশীল খাত হিসেবে উপস্থাপন করতে ভূমিকা রাখবে। কেবল আইনি বাধ্যবাধকতা মেনে চলাই নয়, বরং একটি ভবিষ্যৎ-বান্ধব ও টেকসই টেক্সটাইল শিল্প গড়ে তুলতে টিম গ্রুপ কাজ করে যাচ্ছে।


