বিশ্বজুড়ে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত বাণিজ্য ও লজিস্টিকস সুবিধা বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সমন্বিত টেক্সটাইল সাপ্লাই চেইন (সরবরাহ শৃঙ্খল) গড়ে তোলা সম্ভব, যা আন্তর্জাতিক বাজারে উভয় দেশের প্রতিযোগিতা সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিসিএফইসি) আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এবং সিইএমএস-গ্লোবাল যৌথভাবে ‘সীমান্তহীন লজিস্টিকস ও বাণিজ্য সহজীকরণের মাধ্যমে বাংলাদেশ-ভারত টেক্সটাইল ভ্যালু চেইন এগিয়ে নেওয়া’ শীর্ষক এই বিশেষ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাজিরুল শোভন ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা টিকিয়ে রাখতে বাংলাদেশকে এখন উচ্চমূল্যের ও মানসম্পন্ন পোশাক উৎপাদনে জোর দিতে হবে। আর এর জন্য প্রয়োজন ভালো মানের কাঁচামাল, যার অন্যতম প্রধান ও সুবিধাজনক উৎস হতে পারে প্রতিবেশী দেশ ভারত। দ্বিপক্ষীয় বাণিজ্যে কার কতটা লাভ বা ক্ষতি হলো তা না দেখে, ‘এক সাপ্লাই চেইন, দুই দেশ এবং এক বৈশ্বিক লক্ষ্য’— এই নীতির ভিত্তিতে দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত।

সেমিনারে আইবিসিসিআইয়ের ভাইস-প্রেসিডেন্ট অমিত কুমার তিওয়ারি, পরিচালক এ কে এম সাইফুর রহমান, এ টি এম আলতাফ হোসেন লোটাস, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি হেড অমিত কুমার এবং ইনভেস্ট বাংলাদেশের উপ-পরিচালক মো. ফয়জুর রব্বী বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, লজিস্টিকস ব্যবস্থার আধুনিকায়ন, কাস্টমস প্রক্রিয়া সহজ করা এবং দুই দেশের সীমান্তে পণ্য পরিবহন ব্যবস্থা গতিশীল করা এখন সময়ের দাবি। বাণিজ্য পরিচালনায় বিদ্যমান বাধাগুলো দূর করা গেলে বৈশ্বিক বাজারে বাংলাদেশ ও ভারত উভয়েই লাভবান হবে।উল্লেখ্য, পূর্বাচলে চলমান টেক্সটাইল প্রদর্শনীর অংশ হিসেবে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে ২৫তম টেকটেক বাংলাদেশ, ২৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো এবং ৫৩তম ডাই+কেম বাংলাদেশ প্রদর্শনী চলছে। বিশ্বের ৩৭টি দেশের প্রায় ১,৪৭৫টি প্রতিষ্ঠান এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com