৯৯৩ কোটি টাকা পাওনা আদায়ে বেক্সিমকো লিমিটেডের প্রায় ২৬ একর বন্ধকি জমি ও সম্পত্তি নিলামে তুলেছে রূপালী ব্যাংক। গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন মৌজায় অবস্থিত এই সম্পত্তি বিক্রির জন্য সম্প্রতি ব্যাংকটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।ব্যাংক সূত্রে জানা যায়, বেক্সিমকো টেক্সটাইলের (যা পরবর্তীতে বেক্সিমকো লিমিটেডের সঙ্গে একীভূত হয়) কাছে রূপালী ব্যাংকের মূল পাওনা ৯৯৩ কোটি টাকা।

এই অনাদায়ী ঋণ আদায়ে নারায়ণগঞ্জের তারাব ও যাত্রামুরা মৌজার ১৭ দশমিক ৪১ একর এবং গাজীপুরের জয়দেবপুর, কালিয়াকৈর ও কাপাসিয়াসহ বিভিন্ন এলাকার ৮ দশমিক ৫৫ একরসহ মোট ২৫ দশমিক ৯৬ একর জমি নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগ্রহী দরদাতাদের আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর ২টার মধ্যে নির্ধারিত কার্যালয়ে দরপত্র জমা দিতে বলা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের মোট খেলাপি ঋণ বর্তমানে ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। বিতর্কিত এই ব্যবসায়ী বর্তমানে কারাবন্দি রয়েছেন। তবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হওয়া সত্ত্বেও এই নিলামের বিষয়ে স্টক এক্সচেঞ্জ বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) রূপালী ব্যাংকের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

অর্থনীতিবিদদের মতে, ঋণ আদায়ে ব্যাংক তার নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নিলাম ডেকেছে। তবে এ ধরনের বড় অংকের নিলামে সাধারণত সাধারণ ক্রেতা পাওয়া বেশ কঠিন হয়। অন্যদিকে বেক্সিমকো কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা আয় থেকে ঋণ পরিশোধের সুযোগ পাচ্ছেন না।

এর আগে ২০১৬ সালেও জিএমজি এয়ারলাইন্সের ঋণের বিপরীতে সোনালী ব্যাংক সালমান এফ রহমানের ধানমন্ডির বাসভবন নিলামে তুললে কোনো ক্রেতা পাওয়া যায়নি। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে বেক্সিমকো টেক্সটাইল বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা আটকে যায়।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com