জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের একাডেমিক, ব্যবহারিক ও গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে শিল্পপ্রতিষ্ঠান আরএইচ কোর পোরেশন-এর পক্ষ থেকে প্রায় ৪০ ধরনের প্রয়োজনীয় রাসায়নিক উপকরণ বিনামূল্যে প্রদান করা হয়েছে।
সম্প্রতি নিটার-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে এসব রাসায়নিক উপকরণ হস্তান্তর ও পরিদর্শন করা হয়। প্রদত্ত রাসায়নিক উপকরণগুলো বিভাগের বিভিন্ন পরীক্ষাগার কার্যক্রম, ব্যবহারিক শিক্ষা এবং গবেষণামূলক কাজে ব্যবহৃত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ও গবেষণাভিত্তিক শিক্ষা গ্রহণের আরও সুযোগ পাবে।
শিল্পপ্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ সহযোগিতার জন্য আরএইচ কোর পোরেশন এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে নিটার-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। বিশেষভাবে আরএইচ কো-অপারেশনের মোঃ মাহফুজুর রহমান, ব্যবস্থাপক (বিপণন, বিক্রয় ও কারিগরি) এবং রেজাউল করিম বিন কবির, ব্যবস্থাপক (বিক্রয়)-এর আন্তরিক সহযোগিতা ও উদ্যোগের জন্য বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।
উল্লেখ্য, মোঃ মাহফুজুর রহমান নিটার-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন প্রাক্তন শিক্ষার্থী।নিটার ও আরএইচ কোর পোরেশন মধ্যে এ সহযোগিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নিটার-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব বুরহান উদ্দিন বান্না, সহকারী অধ্যাপক। তাঁর উদ্যোগ ও কার্যকর যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় রাসায়নিক উপকরণ সংগ্রহের বিষয়টি সফলভাবে সম্পন্ন হয়।
এ বিষয়ে বিভাগীয় প্রধান জনাব বুরহান উদ্দিন বান্না, সহকারী অধ্যাপক বলেন,“শিক্ষার্থীদের ব্যবহারিক ও গবেষণাভিত্তিক শিক্ষাকে সমৃদ্ধ করতে শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরএইচ কোর পোরেশনের এই আন্তরিক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের প্রাক্তন শিক্ষার্থী মোঃ মাহফুজুর রহমান এবং রেজাউল করিম বিন কবিরের উদ্যোগ প্রশংসনীয়। আমরা আশা করি, এর মাধ্যমে নিটার ও আরএইচ কোর পোরেশন এর সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও শিল্পক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।”
রাসায়নিক উপকরণ পরিদর্শনের সময় নিটার-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব বুরহান উদ্দিন বান্না, সহকারী অধ্যাপক; জনাব মাহাবুব হাসান, সহযোগী অধ্যাপক; জনাব সেতু সাহা, প্রভাষক; এবং মুহাম্মদ তানজিল, জ্যেষ্ঠ কারিগরি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নিটার-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ আশা করছে, ভবিষ্যতে শিল্প পরিদর্শন, শিক্ষানবিশ কার্যক্রম, গবেষণা, প্রশিক্ষণ এবং কারিগরি জ্ঞান বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে আরএইচ কোর পোরেশন এর সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে। এ ধরনের শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং দেশের বস্ত্রশিল্পের জন্য দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

