দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী বস্ত্র ও তৈরি পোশাক খাতকে বৈশ্বিক বাজারে আরও শক্তিশালী, উদ্ভাবনী ও পরিবেশবান্ধব করতে হাত মিলিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এই যৌথ উদ্যোগের অংশ হিসেবে আন্তর্জাতিক মানের টেক্সটাইল ও পোশাক শিল্পের যন্ত্রপাতি প্রদর্শনী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন (বিটমা)’ আয়োজনের লক্ষ্যে দুই সংগঠনের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ সংগঠনের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।সংগঠন দুটি জানায়, দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং নতুন বাজার তৈরির লক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীতে অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আধুনিক যন্ত্রপাতি ও টেকসই ফ্যাশন প্রযুক্তির নানা উদ্ভাবন তুলে ধরা হবে।
সমঝোতা স্মারক অনুযায়ী, প্রদর্শনীর কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠন করা হবে, যেখানে বিটিএমএ ও বিজিএমইএ’র ৫ জন করে প্রতিনিধি থাকবেন। কমিটির নেতৃত্ব প্রতি বছর দুই সংগঠনের মধ্যে পর্যায়ক্রমে আবর্তিত হবে। প্রথম বছর বিটিএমএ থেকে চেয়ারম্যান এবং বিজিএমইএ থেকে কো-চেয়ারম্যান মনোনীত হবেন।
অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিশ্বজুড়ে পোশাকশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরিবেশবান্ধব প্রযুক্তির যে রূপান্তর ঘটছে, বাংলাদেশকে তার অগ্রভাগে রাখাই তাদের প্রধান লক্ষ্য। এটি উচ্চমূল্যের পণ্য উৎপাদনে দেশীয় শিল্পকে সহায়তা করবে।
অন্যদিকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, এই সমঝোতা কেবল একটি প্রদর্শনীর আয়োজন নয়; বরং বৈশ্বিক শীর্ষ প্রযুক্তি সরবরাহকারীদের ঢাকায় এনে স্থানীয় উদ্যোক্তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে নেওয়া এবং দেশে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের একটি স্থায়ী মাধ্যম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিটিএমএ’র সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিসিআই সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), বিটিএমএ’র সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন এবং বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমানসহ উভয় সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

