বাংলাদেশের দ্রুত বর্ধনশীল টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের আধুনিকায়ন এবং বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে ঢাকায় এসেছে ১১ সদস্যের একটি ইতালীয় ব্যবসায়ী প্রতিনিধিদল। ইতালির ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্ভাবনী প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সফরে অংশ নিচ্ছেন।

ঢাকাস্থ ইতালি দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন ইতালির আঞ্চলিক বাণিজ্য কমিশনার আন্তোনিওত্তা বাক্কানারি, ইতালীয় বাণিজ্য সংস্থা (আইটিএ) এবং অ্যাসোসিয়েশন অব ইতালিয়ান টেক্সটাইল মেশিনারি ম্যানুফ্যাকচারার্স (এসিআইএমআইটি)-এর উচ্চপদস্থ কর্মকর্তারা।

এই সফর উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে সেমিনার, বিটুবি (ব্যবসা-টু-ব্যবসা) বৈঠক এবং বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শনের আয়োজন করা হয়েছে। এই কার্যক্রমে সহযোগিতা করছে বিজিএমইএ, বিটিএমএ, বিকেএমইএ এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। বাংলাদেশে ইতালির অনারারি কনসুল সালমান ইস্পাহানি এই আয়োজনে সার্বিক সহায়তা করছেন।

গুলশানের একটি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ইতালির রাষ্ট্রদূত আলেসান্দ্রো বলেন, বাংলাদেশের টেক্সটাইল শিল্পের বিকাশে ইতালির কোম্পানিগুলোর দীর্ঘদিনের অবদান রয়েছে। বর্তমান বৈশ্বিক চাহিদা, পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা (সাসটেইনেবিলিটি) এবং লজিস্টিকস খাতের নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবেলায় ইতালি এখন বাংলাদেশকে আরও উন্নত ও আধুনিক প্রযুক্তি সরবরাহ করতে প্রস্তুত।

অনুষ্ঠানে ইতালির বাণিজ্য কমিশনার আন্তোনিওত্তা বাক্কানারি জানান, টেক্সটাইল যন্ত্রপাতির উৎকর্ষতা ও আধুনিক ডিজাইনের জন্য ইতালি বিশ্বজুড়ে স্বীকৃত। কেবল ২০২৫ সালেই ইতালি বাংলাদেশে প্রায় ৭১ মিলিয়ন ইউরোর টেক্সটাইল যন্ত্রপাতি রপ্তানি করেছে।

বিশ্বব্যাপী ৩০০টিরও বেশি টেক্সটাইল যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী সংগঠন এসিআইএমআইটি বছরে প্রায় ১.৭ বিলিয়ন ইউরোর যন্ত্রপাতি রপ্তানি করে। এবারের সফরে কালার সার্ভিসেস, করিনো ম্যাকিনে, দান্তি পাওলো, ডার্স্ট, এল.এ.আই.পি., লয়ার, পিন্টার কাইপো, রেজিয়ানি ম্যাকিনে, সালভাদে, টেকনোরামা এবং উগোলিনির মতো ইতালির ১১টি শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে আরও বক্তব্য রাখেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ পরিচালক চৌধুরী হানিফ শোয়েব এবং বিজিএমইএ পরিচালক শাহ রায়ীদ চৌধুরী।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com