ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ আজ সোমবার (২২ জুন ২০২৬) দুপুর ২ টায় ও ৩ টায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মাধ্যমে বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তাদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের জন্য আন্তরিক অভিনন্দন জানান।
প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের শিক্ষা কার্যক্রম, একাডেমিক নীতিমালা, গবেষণার সুযোগ, সহশিক্ষা কার্যক্রম, শিল্প-সংযোগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।বক্তারা বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শুধু একটি পেশা নয়, বরং দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তারা নবীন শিক্ষার্থীদের সততা, অধ্যবসায়, সৃজনশীলতা এবং দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য প্রকৌশলী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিভাগের শিক্ষকবৃন্দ, সিনিয়র শিক্ষার্থী এবং একাডেমিক পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ লাভ করে। একই সঙ্গে নিটারে তাদের নতুন শিক্ষাজীবনের পথচলার আনুষ্ঠানিক সূচনা হয়।


