EMMTEX SLN Textile Industry Advertisement Banner

তৈরি পোশাক খাতের উৎপাদন সময় বা ‘লিড টাইম’ কমিয়ে আনার লক্ষ্যে নরসিংদীর ঘোড়াশালে উৎপাদন শুরু করেছে ‘হা-মীম চিং থাই পকেটিং অ্যান্ড এক্সেসরিজ’ কারখানা। গতকাল সোমবার নতুন এই কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। এই বৃহৎ শিল্প উদ্যোগে স্থানীয়ভাবে অন্তত ১৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানানো হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে তৈরি পোশাক খাতের বেশ কয়েকটি বৈশ্বিক ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ বলেন, পোশাক তৈরির প্রয়োজনীয় এক্সেসরিজের জন্য দেশের উদ্যোক্তাদের বড় একটি অংশকে চীনের ওপর নির্ভর করতে হয়। এর ফলে পণ্য সময়মতো ক্রেতার হাতে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এই সংকট দূর করতে চীনা প্রযুক্তির সহায়তায় যৌথ উদ্যোগে এই অত্যাধুনিক কারখানাটি স্থাপন করা হয়েছে। এখানে উৎপাদিত এক্সেসরিজ হা-মীম গ্রুপের নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হবে। এর ফলে একদিকে যেমন লিড টাইম কমে আসবে, অন্যদিকে আমদানি ব্যয় কমায় বিপুল পরিমাণ ডলার সাশ্রয় হবে।

তিনি আরও জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও অবকাঠামোগত সুবিধা পাওয়া গেলে পোশাক খাতের কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত পণ্য পর্যন্ত সবকিছুই দেশে তৈরির দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে তাদের। অতীতে বন্ধ হয়ে যাওয়া নিশাত জুট মিল এবং মসলিন কটন মিলস সচল করার মাধ্যমে হা-মীম গ্রুপ যেভাবে কর্মসংস্থান সৃষ্টি করেছে, সেই ধারাবাহিকতা এখানেও বজায় থাকবে।

অনুষ্ঠানে স্পেনের খ্যাতনামা পোশাক আমদানিকারক প্রতিষ্ঠান ‘ইনডিটেক্স’-এর কান্ট্রি ম্যানেজার হাভিয়ের সান্তোজা ওলমেদো বলেন, স্থানীয়ভাবে মানসম্পন্ন এক্সেসরিজ ও কাঁচামাল সরবরাহ নিশ্চিত হলে বাংলাদেশের পোশাক রপ্তানি আরও বৃদ্ধি পাবে। এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশে বড় বড় রপ্তানি আদেশ দিতে আরও বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা ব্যক্তি মালিকানাধীন ‘ফৌজিয়া চটকল’টি ২০১৪ সালে কিনে নেয় হা-মীম গ্রুপ। সাবেক শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের পর, মোট ৫২ একর জমির মধ্যে প্রাথমিকভাবে ৬ একর জায়গায় এই নতুন কারখানাটি গড়ে তোলা হয়েছে। এই প্রকল্পে চীনা প্রতিষ্ঠান ‘চিন থাই’-এর ২৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। শুরুতে ১০০ কোটি টাকা বিনিয়োগের এই কারখানায় প্রাথমিকভাবে প্রতি মাসে ৬ থেকে ৭ লাখ গজ কাপড় ও প্রয়োজনীয় এক্সেসরিজ উৎপাদিত হবে, যা পর্যায়ক্রমে ২০ লাখ গজে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী, হা-মীম টেক্সটাইল জোনের সিইও মুহাম্মদ আমিন, এক্সেসরিজ বিভাগের প্রধান এ কে এম মাহফুজুল হক এবং গ্রুপের মহাব্যবস্থাপক নিতীশ চন্দ্র শিকদার। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই কারখানাটি পুরোদমে চালু হলে এলাকার সামগ্রিক অর্থনীতিতে এক নতুন গতি সঞ্চার হবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com