সাভারের শিল্পাঞ্চলে ঈদুল আজহার ছুটির মধ্যেই শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে। তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আল মুসলিম গ্রুপ তাদের তিনটি কারখানা থেকে মোট ১ হাজার ৮৬৮ জন শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ২০ ধারা অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে শ্রমিক নেতারা আশঙ্কা করছেন, ঈদের ছুটি শেষে কারখানা খুললে এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে।
আল মুসলিম গ্রুপের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু রায়হান জানান, গ্রুপটির তিনটি কারখানায় প্রায় ২৭ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। এর মধ্যে ১ হাজার ৮৬৮ জনকে ছাঁটাই করা হয়েছে।
ছাঁটাই হওয়া শ্রমিকদের মধ্যে সাভারের উলাইল এলাকায় অবস্থিত একেএম নিটওয়্যার লিমিটেড থেকে ১ হাজার ২৮৬ জন, রেডিও কলোনি এলাকার প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার লিমিটেড থেকে ৫২৯ জন এবং আশুলিয়ার আল মুসলিম অ্যাপারেলস থেকে ৫৩ জন রয়েছেন।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবসায়িক মন্দা ও ক্রয়াদেশ কমে যাওয়ার কারণে শ্রম আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাঁটাইকৃত শ্রমিকদের আইন অনুযায়ী প্রাপ্য সব পাওনা ও বকেয়া পরিশোধ করা হয়েছে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।
এদিকে পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে আল মুসলিম গ্রুপের কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের ছুটি শেষে কারখানা খোলার পর পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকে নজর থাকবে শিল্পাঞ্চলজুড়ে।


