EMMTEX SLN Textile Industry Advertisement Banner

দেশের তরুণ সমাজকে উদ্ভাবন, সৃজনশীলতা ও নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক যুব প্রভাব ও উদ্ভাবন সম্মেলন ২০২৬। এই গুরুত্বপূর্ণ আয়োজনে আনুষ্ঠানিক অনলাইন গণমাধ্যম অংশীদার হিসেবে যুক্ত হয়েছে টেক্সটাইল মিরর, যা বস্ত্র ও উদ্ভাবনভিত্তিক সংবাদ প্রচারে একটি সুপরিচিত মাধ্যম।

এই অংশীদারিত্বের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম, পরিকল্পনা ও অর্জন দেশব্যাপী শিক্ষার্থী ও তরুণদের মাঝে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। টেক্সটাইল মিররের সক্রিয় সহযোগিতায় এই সম্মেলনের সার্বিক কার্যক্রম আরও দৃশ্যমান হবে এবং এর প্রভাব দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাজধানীর ঢাকা কলেজ প্রাঙ্গণে একদিনব্যাপী এই বৃহৎ ক্যাম্পাস আয়োজন অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায় থেকেও বিনা মূল্যে অংশগ্রহণ করার সুযোগ থাকছে। সম্মেলনটির অন্যতম আকর্ষণ অনলাইন কুইজ প্রতিযোগিতা, যা সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্মে( গুগল ফর্ম) অনুষ্ঠিত হবে। ২৫ মিনিট সময়ে মোট ৪০টি বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে এই পরীক্ষা নেওয়া হবে। কুইজটি বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় অনুষ্ঠিত হবে এবং এতে পাঁচটি প্রধান বিষয় অন্তর্ভুক্ত থাকবে: পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতভিত্তিক পিসিএম চ্যালেঞ্জ; সাধারণ জ্ঞান; ব্যবসা ও উদ্যোক্তা বিষয়ক জ্ঞান; ইংরেজি; এবং জীববিজ্ঞান।

কুইজ প্রতিযোগিতা দুটি ধাপে অনুষ্ঠিত হবে—প্রাথমিক নির্বাচন পর্ব ও চূড়ান্ত পর্ব। প্রতিটি বিষয়ভিত্তিক সেগমেন্ট থেকে সেরা ৫০ জন অংশগ্রহণকারী চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন এবং সেখান থেকে সেরা ৫ জন বিজয়ী নির্বাচিত হবেন।

কুইজের সময়সূচি অনুযায়ী, নিবন্ধনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬, প্রাথমিক নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে ১২ সেপ্টেম্বর এবং চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর ২০২৬।

এছাড়াও সম্মেলনে থাকবে উদ্ভাবনী ধারণা উপস্থাপন প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা একক বা দলীয়ভাবে বাস্তব সমস্যার সমাধানমূলক ধারণা উপস্থাপন করতে পারবেন। অংশগ্রহণকারীদের ৩ মিনিটের ভিডিও উপস্থাপনা জমা দিতে হবে এবং নির্বাচিতদের সরাসরি চূড়ান্ত পর্বে উপস্থাপনার সুযোগ দেওয়া হবে।

সম্মেলনে ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন সেশন, প্যানেল আলোচনা, মেন্টরশিপ কার্যক্রম এবং নেটওয়ার্কিংয়ের সুযোগও রাখা হয়েছে, যা অংশগ্রহণকারীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন পুরস্কার, সনদপত্র, উপহার এবং ভবিষ্যৎ মেন্টরশিপের সুযোগ রাখা হয়েছে। এই সম্মেলন তরুণদের উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, টেক্সটাইল মিররের সঙ্গে এই অংশীদারিত্ব সম্মেলনের প্রচার ও প্রভাব বিস্তারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এই উদ্যোগকে আরও সফল করে তুলবে।

প্রতিবেদক : মোঃ এহছানুল আজম মুন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com