EMMTEX SLN Textile Industry Advertisement Banner

ঈদুল আজহাকে সামনে রেখে সরকারি নির্দেশনা অনুযায়ী ২১ মে’র মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের কথা থাকলেও এখনো প্রায় ১ হাজার ৫০০ কারখানায় বোনাস পরিশোধ হয়নি বলে জানিয়েছে শিল্প পুলিশ। এর মধ্যে পোশাক ও টেক্সটাইল খাতের ৪০৯টি কারখানাও রয়েছে।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, তাদের আওতাধীন মোট ১০ হাজার ২৩৮টি কারখানার মধ্যে প্রায় ১৫ শতাংশ প্রতিষ্ঠান এখনো ঈদ বোনাস দেয়নি। আর পর্যবেক্ষণে থাকা ৩ হাজার ২৭০টি পোশাক ও টেক্সটাইল কারখানার মধ্যে প্রায় ১৩ শতাংশ কারখানায় বোনাস বকেয়া রয়েছে।

এদিকে শ্রম আইন অনুযায়ী পরবর্তী মাসের সাত কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধের বাধ্যবাধকতা থাকলেও ২৫ মে পর্যন্ত ১৬২টি কারখানায় শ্রমিকদের বেতন পরিশোধ হয়নি। এর মধ্যে ৯২টি পোশাক ও টেক্সটাইল খাতের কারখানা।

শিল্প পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (BGMEA) সংশ্লিষ্ট ১ হাজার ৫৭০টি কারখানার মধ্যে ২২০টি এখনো ঈদ বোনাস দেয়নি।অন্যদিকে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (BKMEA) আওতাধীন ৫৮২টি কারখানার মধ্যে ১২৬টি এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (BTMA) ৫৭টি কারখানাতেও বোনাস বকেয়া রয়েছে।

আগামী ২৮ মে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। এ কারণে অনেক কারখানা আজও খোলা রাখা হয়েছে, যাতে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ সম্পন্ন করা যায় বলে জানিয়েছেন মালিকপক্ষের প্রতিনিধিরা।

তবে শিল্প পুলিশের তথ্য নিয়ে ভিন্নমত জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটির দাবি, তাদের ১ হাজার ৭৯৪ সদস্য কারখানার মধ্যে মাত্র ৪৬টি কারখানায় এখনো ঈদ বোনাস পরিশোধ হয়নি। এছাড়া এপ্রিল মাসের বেতন বকেয়া রয়েছে মাত্র তিনটি কারখানায়।বিজিএমইএর সহ-সভাপতি মো: রেজওয়ান সেলিম

বলেন, সংগঠনের আওতাধীন প্রায় সব কারখানাই ইতোমধ্যে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করেছে। বেশিরভাগ কারখানায় ইতোমধ্যে ঈদের ছুটি শুরু হয়েছে বলেও জানান তিনি।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com