Advertisement

বাংলাদেশের নিটওয়্যার শিল্প এখন নতুন এক ধাপে প্রবেশ করছে, যেখানে গুরুত্ব পাচ্ছে উদ্ভাবন, মূল্য সংযোজন এবং প্রিমিয়াম মানের পণ্য— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।

রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় আয়োজিত “উলমার্ক নিটওয়্যার সেমিনার”-এ তিনি এসব কথা বলেন। যৌথভাবে সেমিনারের আয়োজন করে বিকেএমইএ এবং অস্ট্রেলিয়ান উল ইনোভেশনের সহযোগী প্রতিষ্ঠান দ্য উলমার্ক কোম্পানি।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের নিটওয়্যার খাতের সামনে প্রিমিয়াম উল ও ব্লেন্ডেড পোশাকের বৈশ্বিক বাজারে প্রবেশের বড় সুযোগ তৈরি হয়েছে। উদ্ভাবনী পণ্য, টেকসই উৎপাদন ব্যবস্থা এবং পণ্যে বৈচিত্র্য আনতে পারলে আন্তর্জাতিক বাজারের উচ্চমূল্যের সেগমেন্টে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

মোহাম্মদ হাতেম বলেন, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ এখন উচ্চমূল্যের উল ও ব্লেন্ডেড নিটওয়্যার খাতে নিজেদের সক্ষমতা বাড়ানোর কাজ করছে। এতে প্রিমিয়াম ফ্যাশন, পারফরম্যান্স ওয়্যার এবং পরিবেশবান্ধব পোশাকের বাজারে নতুন সম্ভাবনা তৈরি হবে।

তিনি আরও বলেন, দেশের নিটওয়্যার শিল্পের জন্য এখন পণ্যে বৈচিত্র্য আনা এবং প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর উপযুক্ত সময়। উৎপাদন সক্ষমতার পাশাপাশি উদ্ভাবনে গুরুত্ব বাড়ায় ভবিষ্যতে প্রিমিয়াম নিটওয়্যার খাতে বাংলাদেশের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।

সেমিনারে অংশ নেওয়া সংশ্লিষ্টরা জানান, শুধু উৎপাদনের পরিমাণ বাড়ানো নয়, বরং পণ্যের মান উন্নয়ন ও মূল্য সংযোজনের দিকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে দেশের নিটওয়্যার শিল্প। “ভলিউম থেকে ভ্যালু”— এই লক্ষ্য নিয়েই খাতটি এগিয়ে যাচ্ছে নতুন সম্ভাবনার পথে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com