প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শুরু হয়েছে ‘আসুটেক্স প্রেজেন্টস অ্যালামনাই সুপার কাপ’। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। Bangladesh University of Textiles স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। এ সময় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, সংগঠন ও করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, টুর্নামেন্টের সব ম্যাচ রাতের বেলায় অনুষ্ঠিত হবে।
এবারের আসরে মোট ১১টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হলো— ফোরটি সিক্স, টুয়েন্টি সিক্সথ টাইটানস, ফোর্ট্রেস ৪২, বুটেক্স নেট ব্রেকার্স, নবমাত্রিক তেত্রিশ, রয়্যাল ৩৮, ওল্ড বয়েজ বুটেক্স, টিম ৩৯, ব্লেজ ৪১স্ট, এল প্রফেসরস এবং হুনান হাইস্কাই–৪৪এফটি।
উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন আয়োজন দেখে তার কাছে বিশ্বকাপের আবহ মনে হয়েছে। তিনি আয়োজকদের প্রশংসা করে টুর্নামেন্টটির সফলতা কামনা করেন।
বিশেষ অতিথি প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের আয়োজন নতুন মাত্রা যোগ করেছে। তিনি বুটেক্স স্পোর্টস ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানান।
আয়োজকদের পক্ষ থেকে বুটেক্স স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক দেবাশীষ মিস্ত্রী তীর্থ বলেন, এই আয়োজন শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং বিভিন্ন ব্যাচের অ্যালামনাইদের মধ্যে সম্পর্ক ও সম্প্রীতি আরও শক্তিশালী করার একটি উদ্যোগ।
টুর্নামেন্টের গোল্ড স্পনসর হিসেবে রয়েছে Biosphere Concern। কো-স্পনসর হিসেবে সহযোগিতা করছে Imtex Solutions BD Limited এবং Hue Tech BD। এছাড়া গিফট হ্যাম্পার পার্টনার হিসেবে রয়েছে ACI Motors।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই টুর্নামেন্ট বুটেক্সের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, সৌহার্দ্য ও ঐক্য আরও জোরদার করবে।

