EMMTEX SLN Textile Industry Advertisement Banner

চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (সিটেক)–এর সাতকানিয়া–লোহাগাড়া ফোরামের উদ্যোগে সম্প্রতি একটি মিটআপ অনুষ্ঠিত হয়েছে। মিটআপটি অনুষ্ঠিত গত রবিবার (২২ মার্চ) চট্টগ্রামের লোহাগাড়ায় অবস্থিত গ্রান্ড মাশাবী রেস্টুরেন্টে।

এতে কলেজটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নিয়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সিটেক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতির উপস্থিতি আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। তিনি অ্যালামনাই নেটওয়ার্ককে আরও সক্রিয় ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মিটআপে সিটেক সাতকানিয়া–লোহাগাড়া ফোরামের ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন পন পিউর কেমিক্যাল গ্রুপের কান্ট্রি ম্যানেজার তোফাজ্জল হোসেন মানিক। সভাপতি নির্বাচিত হয়েছেন আরমান হাদিদ, যিনি ইউটাহ গ্রুপে সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং) হিসেবে কর্মরত। সহসভাপতি রিয়াজ হাসান (মার্চেন্ডাইজার, জেডএক্সওয়াই ইন্টারন্যাশনাল লিমিটেড), সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, ইভেন্ট ম্যানেজার মিসবাহুল হক, অর্থ সম্পাদক মো. শহিদুল ইসলাম সাবিত এবং প্রচার ও ব্র্যান্ডিংয়ের দায়িত্বে রয়েছেন মাহামুদুল ইসলাম সাজিদ।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গাইডলাইন এবং একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ তৈরি ও রেফারেন্স সহায়তা প্রদান অন্যতম।

এছাড়া নিয়মিত অনলাইন একাডেমিক ও স্কিল ডেভেলপমেন্ট সেশন আয়োজন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে স্পোর্টস ও বিনোদনমূলক কার্যক্রম, ক্যাম্পাসে গেট-টুগেদার ও নেটওয়ার্কিং প্রোগ্রাম, ইফতার মাহফিল আয়োজন, ক্যারিয়ার গাইডলাইন সেশন পরিচালনা এবং চাকরির বিজ্ঞপ্তি শেয়ার ও রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়। পাশাপাশি যোগাযোগ ও নেতৃত্বের মতো সফট স্কিল উন্নয়নে বিশেষ সেশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাতকানিয়া–লোহাগাড়া ফোরামকে একটি কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com