EMMTEX SLN Textile Industry Advertisement Banner

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর পাঁচ শিক্ষার্থী ‘ইনোভেশন ব্ল্যাক বেল্ট (আইবিবি)’ সনদ অর্জন করেছেন। টেক্সটাইল টুডে ইনোভেশন হাব (টিটিআইএইচ) শিল্পভিত্তিক গবেষণা ও প্রকল্প বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে তাদের এই সনদ প্রদান করে।

সনদপ্রাপ্তদের মধ্যে চারজন গার্মেন্টস ওয়াশিং ও ডাইং প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। তাদের গবেষণার লক্ষ্য ছিল ডেনিম ফিনিশিং প্রক্রিয়ায় পরিবেশবান্ধব ও দক্ষ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা।

বিইউএফটি এর তাহসিন ইসলাম তোরু এবং বুটেক্সের রোমিনুর রহমান তালুকদার ও নাসিফ আহমেদ প্রত্যয় যৌথভাবে ব্লু ক্রিয়েশন্স লিমিটেডে একটি প্রকল্প বাস্তবায়ন করেন। ‘ফ্রম পিপি টু প্ল্যানেট: এ সাসটেইনেবল ডেনিম ওয়াশ ট্রান্সফরমেশন উইথ জিরো পিপি অল ইন’ শীর্ষক এ প্রকল্পে ডেনিম ওয়াশিং প্রক্রিয়ায় ব্যবহৃত পটাশিয়াম পারম্যাঙ্গানেট (পিপি) বাদ দিয়ে পরিবেশবান্ধব বিকল্প পদ্ধতি উন্নয়নের চেষ্টা করা হয়।

প্রকল্পের ফলাফলে দেখা যায়, নতুন পদ্ধতিতে ওয়াশিং সময় ২৭৭ মিনিট থেকে কমে ১৭১ মিনিটে নেমে আসে। একই সঙ্গে পানির ব্যবহার ৫৬৫০ লিটার থেকে কমে ৪৪৫০ লিটারে নেমে আসে এবং শক্তি ও জনবলের প্রয়োজনও কমে যায়। প্রকল্পটি তত্ত্বাবধান করেন ব্লু ক্রিয়েশন্স লিমিটেডের প্রোডাকশন অ্যান্ড টেকনিক্যাল বিভাগের জেনারেল ম্যানেজার রাজু আহমেদ রাজন।

অন্যদিকে নিটারের শিক্ষার্থী আশিকুর রহমান ডেনিটেক্স লিমিটেডে ‘ইমপ্যাক্ট অব ফ্যাব্রিক কম্পোজিশন অন ওজোন কজড ডিসকালারেশন অ্যান্ড দ্য ইফেক্টিভনেস অব কেমিক্যাল ইন্টারভেনশনস’ শীর্ষক একটি গবেষণা সম্পন্ন করেন। এতে শতভাগ কটন, স্প্যানডেক্স কটন ও রিসাইকেলড কটন ফ্যাব্রিকে ওজোনের কারণে রঙ পরিবর্তনের কারণ বিশ্লেষণ এবং তা কমানোর সম্ভাব্য রাসায়নিক সমাধান নিয়ে কাজ করা হয়।

গবেষণাটি তত্ত্বাবধান করেন ডেনিটেক্স লিমিটেডের জেনারেল ম্যানেজার (ওয়াশিং) মো. সাইফুল ইসলাম খান।গার্মেন্টস ওয়াশিং সংশ্লিষ্ট এসব প্রকল্প শিল্প বিশেষজ্ঞ মো. নাসির উল্লাহর তত্ত্বাবধানে পরিচালিত হয়। তিনি আন্তর্জাতিক প্রতিষ্ঠান অফিসিনা +৩৯-এর কান্ট্রি ডিরেক্টর।

এ ছাড়া বুটেক্সের শিক্ষার্থী মো. আবদুল ওহাব শামস ফ্যাব্রিক টেকনোলজি বিভাগে ইনোভেশন ব্ল্যাক বেল্ট সনদ অর্জন করেন। তিনি সাউথ ওয়েস্ট কম্পোজিট লিমিটেডে ‘এ প্র্যাকটিক্যাল মেথড ফর ক্যালিব্রেটিং নিট ডাইং মেশিনস মেইন ভেসেল ওয়াটার স্কেল থ্রু ক্যালিব্রেটেড সাইড ট্যাংকস’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করেন।

প্রকল্পটিতে নিট ডাইং মেশিনের পানির স্কেল সঠিকভাবে ক্যালিব্রেট করার একটি ব্যবহারিক পদ্ধতি উন্নয়ন করা হয়, যা ডাইং প্রক্রিয়ায় পুনঃপ্রক্রিয়াকরণ কমাতে এবং পণ্যের মান ধরে রাখতে সহায়ক হতে পারে। প্রকল্পটি পরিচালনায় সহযোগিতা করেন সাউথ ওয়েস্ট কম্পোজিট লিমিটেডের পরিচালক শামীম রহমান এবং তাইওয়ান পারসোটেক্স করপোরেশনের টেকনিক্যাল সাপোর্ট বিভাগের প্রধান রাহাত উল্লাহ রাশেদ।

সনদ প্রদান অনুষ্ঠানে ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর কনভেনর ও টেক্সটাইল টুডের নির্বাহী চেয়ারম্যান এহসানুল করিম কায়সারসহ সংশ্লিষ্ট শিল্প বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই সনদ একটি উদ্ভাবনভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ, যার লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিল্পখাতের বাস্তব সমস্যা সমাধানে সক্ষম করে তোলা। কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীরা ১২৮ ঘণ্টার তাত্ত্বিক প্রশিক্ষণের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানে ১২৮ ঘণ্টার প্রকল্পভিত্তিক কাজের অভিজ্ঞতা অর্জন করেন।

পাশাপাশি টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের ‘ইনোভেশন ব্ল্যাক বেল্ট’ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যজ্ঞানকে শিল্পক্ষেত্রের বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে নতুন প্রজন্মের টেক্সটাইল প্রকৌশলীরা উদ্ভাবনী চিন্তা ও ব্যবহারিক দক্ষতা অর্জন করে শিল্পখাতে কাজের জন্য আরও প্রস্তুত হচ্ছেন।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com