নিজস্ব প্রতিবেদকহাসি, কান্না, স্মৃতিচারণ আর আগামী দিনের স্বপ্নকে সঙ্গী করে বিদায় নিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর ১৪তম ব্যাচ ‘চিরন্তন ১৪’।
বৃহস্পতিবার (১৮ জুন) দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ব্যাচটির বিদায় সংবর্ধনা ও র্যাগ ডে।সকালে টি-শার্ট বিতরণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সকাল সাড়ে নয়টায় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানোর পর পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।
সকাল ১০টায় শুরু হওয়া বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর। তবে ব্যস্ততাজনিত কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল আমিন ফয়সাল। তিনি তাঁর বক্তব্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে তৈরি পোশাক খাতের অবদানের কথা তুলে ধরে বলেন, “দেশে বৈদেশিক অর্থনৈতিক সমৃদ্ধিতে পোশাক শিল্পের সর্বোচ্চ ভূমিকা আমরা স্বীকার করি। আপনাদের ভবিষ্যৎ সুন্দর হোক এবং আপনারাও সামনে এ ভূমিকায় অবদান রাখুন।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আব্দুর রকিব শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “নিজের সততা, কর্মদক্ষতা ও একাডেমিক জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে। দেশ ও জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের দোয়া সব সময় তোমাদের সঙ্গে আছে।”
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকারা বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানান। একই সঙ্গে কলেজজীবনের নানা স্মৃতি, অর্জন ও অভিজ্ঞতা নিয়ে বক্তব্য দেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। আবেগঘন পরিবেশে অনেকে তাঁদের প্রিয় সহপাঠী, শিক্ষক ও ক্যাম্পাস জীবনের নানা মুহূর্ত স্মরণ করেন।
দুপুরে ‘কালার ফেস্ট’ ও ‘ফ্ল্যাশ মব’-এ অংশ নেন শিক্ষার্থীরা। রঙের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। দীর্ঘ চার বছরের বন্ধুত্ব, সংগ্রাম ও একসঙ্গে পথচলার স্মৃতিকে উদযাপন করেন তাঁরা।দিনের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা থেকে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যাম্প শো। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড Blue Jeans ও InFerior-এর সঙ্গীত পরিবেশনা। প্রিয় ব্যান্ডের গানে শিক্ষার্থীরা মেতে ওঠেন উচ্ছ্বাসে। রাত ১ টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয় দিনব্যাপী এ আয়োজন।
বিদায়ের এই দিনে আনন্দের পাশাপাশি ছিল বিচ্ছেদের বেদনাও। তবু ‘চিরন্তন ১৪’-এর শিক্ষার্থীরা বিশ্বাস করেন, ক্যাম্পাসের স্মৃতি তাঁদের জীবনের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা হয়ে থাকবে। নতুন পথচলার প্রাক্কালে সহপাঠী, শিক্ষক ও প্রিয় ক্যাম্পাসকে বিদায় জানিয়ে তাঁরা এগিয়ে গেলেন জীবনের পরবর্তী অধ্যায়ের দিকে।

