রাজধানীর তুরাগে সড়ক দুর্ঘটনায় মো. হাসান (৪৮) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। নলভোগ কবরস্থানের সামনের সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেলের সজোরে ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসান স্থানীয় একটি পোশাক কারখানায় লেবেল অপারেটর পদে কাজ করতেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কারখানা থেকে ডিউটি শেষে নলভোগের ভাড়া বাসায় ফিরছিলেন হাসান। পথিমধ্যে নলভোগ কবরস্থানের কাছে রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। পরবর্তীতে তাকে উদ্ধার করে রাত প্রায় ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসান পিরোজপুর সদর উপজেলার উদয়কাঠি গ্রামের আব্দুস সুবহানের ছেলে। তিনি তুরাগের নলভোগ এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন এবং এক সন্তানের জনক ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করে জানান, চিকিৎসকের ঘোষণার পর মরদেহ মর্গে সংরক্ষণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com