Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গার্মেন্টস কারখানার ভেতর থেকে ইদ্রিস আলী নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা বিক্ষোভ করেন।

মঙ্গলবার সকালে ফতুল্লার ফারিহা নিট টেক্স কারখানার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইদ্রিস আলী (৪৫) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি কারখানাটিতে স্টোর কিপার হিসেবে কর্মরত ছিলেন।

সহকর্মীরা জানান, সকালে কাজে এসে সংশ্লিষ্ট কক্ষের দরজা বন্ধ দেখতে পান তারা। পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে ইদ্রিস আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। তারা দাবি করেন, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক এবং এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। দ্রুত সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিচারের দাবি জানান তারা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ, ঘটনার পর কারখানার কয়েকজন কর্মকর্তা স্থান ত্যাগ করেছেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের এক কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com