চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় নেওয়ার কথা ছিল আমদানিকৃত গার্মেন্টস পণ্য। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই প্রায় ১৫ লাখ টাকার এসব পণ্য আত্মসাতের অভিযোগে চালকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) নগরীর বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মো. বেলাল (২৯) পেশায় পণ্যবাহী ট্রাকচালক। গত ১৩ এপ্রিল চট্টগ্রাম বন্দরের এনসিওয়াই (এনসিওয়াই) ইয়ার্ড থেকে ৩৭ রোল গার্মেন্টস পণ্য তার ট্রাকে তোলা হয়। পণ্যগুলো নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত ‘সিমবা ফ্যাশন লিমিটেড’-এ পৌঁছে দেওয়ার কথা ছিল।
তবে নির্ধারিত গন্তব্যে না গিয়ে চালক বেলাল ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে পণ্যগুলো আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগী প্রতিষ্ঠানের অভিযোগের পর তদন্তে নামে বন্দর থানা পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বেলালকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন— মো. আনোয়ার (৩১), মো. ফারুক (৩২), মো. নাছির (৫২) ও মো. জসিম (৪১)।
পুলিশ জানায়, অভিযানের সময় আসামি নাছিরের তথ্যের ভিত্তিতে আত্মসাৎ হওয়া কাপড়ের ছয়টি খাকি রঙের রোল উদ্ধার করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, আমদানিকারকের পণ্য নির্ধারিত কারখানায় পৌঁছে না দিয়ে কৌশলে আত্মসাৎ করা হয়েছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও বাকি মালামাল উদ্ধারে অভিযান চলছে।

