Advertisement

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড তাদের স্পিনিং ইউনিটের উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুন ২০২৬ থেকে ইউনিটটির উৎপাদন বন্ধ থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সায়হাম টেক্সটাইলের দুটি উৎপাদন ইউনিটের মধ্যে স্পিনিং ইউনিটটি ১৯৯৩ সালে স্থাপিত হয়। অন্যদিকে মেলাঞ্জ ইউনিট ২০১৩ সালে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে বাণিজ্যিক উৎপাদনে যুক্ত হয়।

কোম্পানির তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ব্যবহারের কারণে পুরোনো যন্ত্রপাতির কার্যকারিতা কমে যাওয়ায় স্পিনিং ইউনিটে উৎপাদন ব্যয় বেড়েছে। পাশাপাশি উৎপাদিত সুতার মানেও প্রভাব পড়ছে। এতে প্রতিষ্ঠানটি আর্থিক চাপে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ অবস্থায় গত ১০ মে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ইউনিটটির উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিএমআরই (ব্যালান্সিং, মডার্নাইজেশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড এক্সপানশন) কার্যক্রম সহজ করতে পুরোনো যন্ত্রপাতি দ্রুত বিক্রির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

কোম্পানির পরিকল্পনা অনুযায়ী, কারখানা ভবনের পুনর্নির্মাণ, আধুনিক স্বয়ংক্রিয় স্পিন্ডল মেশিন স্থাপন, কমিশনিং ও পরীক্ষামূলক উৎপাদন শেষ করতে প্রায় ১৮ মাস সময় লাগবে। এ সময় পুরো স্পিনিং ইউনিট বন্ধ থাকবে।

তবে আধুনিকায়ন কার্যক্রম শেষ হলে ইউনিটটির উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করছে সায়হাম টেক্সটাইল। একই সঙ্গে কোম্পানিটির বিক্রি ও মুনাফাও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com