বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর উদ্যোগ এবং নিটার গভর্নিং বডির সদস্য মোঃ খোরশেদ আলম-এর একান্ত পৃষ্ঠপোষকতায় আয়োজিত শিক্ষা সফরের জন্য লিখিত বাছাই পরীক্ষার মাধ্যমে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৮ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত শিক্ষার্থীরা হলেন— জাহিরুল ইসলাম প্রান্ত, অমিত সরকার, মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ এফাফ, নাঈম হাসান অপু, আব্দুল কাইউম খন্দকার, মো. আরিফুল ইসলাম, সিফার হায়দার শিবেব এবং কাজী আব্দুল বাকী নাভিদ।এই শিক্ষা সফরের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের টেক্সটাইল শিল্পে আধুনিক প্রযুক্তি, উৎপাদন ব্যবস্থা এবং বৈশ্বিক শিল্প ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া। সফরকালে তারা চীনের আধুনিক টেক্সটাইল শিল্প-কারখানা, উৎপাদন প্রক্রিয়া এবং প্রযুক্তিগত উদ্ভাবন সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাবেন, যা তাদের পেশাগত দক্ষতা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সফরের প্রস্তুতির অংশ হিসেবে আজ, ১৯ জুলাই ২০২৬ (রবিবার) নির্বাচিত শিক্ষার্থীরা নিটারের পরিচালক প্রফেসর ড. আশিকুল আলম রানা-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও ফটোসেশনে অংশগ্রহণ করেন।

এ সময় পরিচালক মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে নিটারের প্রতিনিধিত্ব করার এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তিনি তাদের সফল, নিরাপদ ও ফলপ্রসূ সফর কামনা করেন এবং অর্জিত জ্ঞান, প্রযুক্তিগত অভিজ্ঞতা ও আন্তর্জাতিক শিক্ষা দেশের টেক্সটাইল শিল্পের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।

এই উদ্যোগ দেশের ভবিষ্যৎ টেক্সটাইল প্রকৌশলীদের আন্তর্জাতিক মানের জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও সক্ষম করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com