রাজধানীর মিরপুরে বকেয়া বেতন পেয়ে কেনাকাটা করতে গিয়ে ছিনতাইকারীদের হাতে প্রাণ হারানো গার্মেন্টসকর্মী সায়মন হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে চোরাই মোবাইল কেনার দায়ে সুজন নামের এক আসামিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।


মঙ্গলবার ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ইউসুফ, ইকবাল খাঁ এবং মেহেদী হাসান। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে, কারাদণ্ডপ্রাপ্ত আসামি সুজন বর্তমানে পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।


রায় দেওয়ার সময় পর্যবেক্ষণে আদালত জানান, দিন দিন ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং ছিনতাই শেষে ভিকটিমকে আঘাত করার প্রবণতা বাড়ছে। বিচার হয় না—এমন ভুল ধারণা ভাঙতে এবং সমাজে অপরাধ দমনে একটি কঠোর বার্তা দিতেই এই সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে। কারণ নিহত ১৭ বছর বয়সী তরুণ পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়। তবে আদালত প্রাঙ্গণে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে জানান, তারা পুলিশের নির্যাতনের শিকার হয়ে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছিলেন এবং তারা উচ্চ আদালতে আপিল করবেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এই রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।


মামলার নথিসূত্রে জানা যায়, ২০২২ সালের ১১ অক্টোবর রাতে বেতন তুলে সহকর্মীদের সাথে কেনাকাটা শেষে বাসায় ফিরছিলেন সায়মন। পথিমধ্যে মিরপুর-১ নম্বরের আড়ংয়ের সামনে থেকে ভয় দেখিয়ে তাকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভেতরে নিয়ে যায় ছিনতাইকারীরা। সেখানে টাকা ও মোবাইল দিতে অস্বীকৃতি জানালে সায়মনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা চম্পট দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়মনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা দারুস সালাম থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে এবং ২০২৩ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়। মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার এই চূড়ান্ত রায় প্রদান করলেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com