টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং শিল্পখাতের সঙ্গে বাস্তব সংযোগ তৈরির লক্ষ্যে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হয়েছে এনটেক ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘বিয়ন্ড দ্য ডিগ্রি: বিল্ডিং অ্যা সাকসেসফুল ক্যারিয়ার ইন টেক্সটাইল অ্যান্ড আরএমজি’ শীর্ষক ক্যারিয়ার সেমিনার।
সোমবার (৩১ আগস্ট) এনটেক ক্যারিয়ার ক্লাবের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাসকো গ্রুপের বিপণন ও পণ্য উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক শেখ মামুন ফেরদৌস।
সেমিনারে টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জন, শিল্পখাতের বাস্তবতা সম্পর্কে ধারণা, ক্যারিয়ার পরিকল্পনা, যোগাযোগ দক্ষতা এবং পেশাগত প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধান বক্তা শেখ মামুন ফেরদৌস শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মবাজারে শুধু একটি ডিগ্রি অর্জন করাই যথেষ্ট নয়। শিল্পখাতের চাহিদা অনুযায়ী নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত হওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সেমিনারে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পে ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ, ক্যারিয়ার পরিকল্পনা এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি শিল্পখাতের উপযোগী করে গড়ে তোলা এবং তাদের মধ্যে ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে এনটেক ক্যারিয়ার ক্লাব ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

