স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) করতে না পারলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়তে পারে।

গবেষণা প্রতিষ্ঠান ‘রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট’ (র‌্যাপিড)-এর এক গবেষণায় বলা হয়েছে, এমন পরিস্থিতিতে ইইউর বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ৪৪ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। তবে ইইউর সঙ্গে এফটিএ সই করা গেলে এই সম্ভাব্য ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

গবেষণায় উল্লেখ করা হয়, এলডিসি উত্তরণের পর বাংলাদেশ ইউরোপীয় বাজারে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধা হারাবে। অন্যদিকে, ভারত ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির সুযোগ গ্রহণ করবে। ফলে ইউরোপের আন্তর্জাতিক বাজারে টিকে থাকা বাংলাদেশের জন্য আরও কঠিন হয়ে উঠবে।

র‌্যাপিডের তথ্য অনুযায়ী, ভারত ও ভিয়েতনামের সঙ্গে ইইউর মুক্তবাণিজ্য চুক্তি পুরোদমে কার্যকর হলে ইউরোপের বাজারে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি ৩৬ শতাংশ এবং তৈরি পোশাক রপ্তানি ৪৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। তবে বাংলাদেশ যদি ইইউর সঙ্গে এফটিএ করতে পারে, তবে এই ক্ষতির ধাক্কা অনেকটাই সামলানো যাবে।

সেক্ষেত্রে মোট রপ্তানি কমার হার ১৬ শতাংশ এবং পোশাক রপ্তানি কমার হার ১৯ শতাংশের মধ্যে আটকে রাখা সম্ভব হবে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com