Advertisement

বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পে সরাসরি চীনা বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে বিজিএমইএ। রোববার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে চীনের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানানো হয়।

বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এর নেতৃত্বে সংগঠনের নেতারা অংশ নেন। অন্যদিকে China Dyeing and Printing Association-এর ২০ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে চীনের টেক্সটাইল, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং ও কেমিক্যাল খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিজিএমইএ সভাপতি বলেন, চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিশ্বস্ত বাণিজ্যিক অংশীদার। দেশের পোশাক শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতির বড় একটি উৎসও চীন। তিনি চীনা উদ্যোক্তাদের বাংলাদেশের সম্ভাবনাময় খাত—বিশেষ করে ম্যান-মেড ফাইবার, সিনথেটিক ফাইবার ও টেকনিক্যাল টেক্সটাইল শিল্পে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি জানান, বাংলাদেশের ওভেন কাপড় আমদানির বাজার বছরে প্রায় ৮ থেকে ৯ বিলিয়ন ডলারের, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সুযোগ তৈরি করেছে।

বিজিএমইএ নেতারা বলেন, চীনা উদ্যোক্তারা এককভাবে বা যৌথ উদ্যোগে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন। এ ক্ষেত্রে বিজিএমইএ প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

বৈঠকে প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ডিজিটাল প্রিন্টিং, সিনথেটিক ফেব্রিক উৎপাদন এবং দক্ষ জনবল তৈরিতে নিয়মিত প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের প্রস্তাব তুলে ধরা হয়।

এছাড়া পরিবেশবান্ধব ডাইং কারখানা স্থাপন এবং টেকসই শিল্প উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়েছে।

সফররত চীনা প্রতিনিধিদল বাংলাদেশে কয়েকটি ডাইং ও প্রিন্টিং কারখানা পরিদর্শন করেন। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে বিজিএমইএ।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com