রাজধানীর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি-এ অনুষ্ঠিত হয়েছে বিজিএমইএ পরিচালিত এসআইসিআইপি-বিজিএমইএ ‘ক্যাম্পাসভিত্তিক নিয়োগ ২০২৬’ কর্মসূচি। শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন।
বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলো সরাসরি নিয়োগ কার্যক্রম পরিচালনা করে। এতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা চাকরির সুযোগ পাওয়ার পাশাপাশি শিল্পখাতের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালক ও ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান। সভাপতিত্ব করেন বিজিএমইএ পরিচালক ও রুমানা ফ্যাশন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক রুমানা রাশিদ।
প্রধান অতিথির বক্তব্যে মজুমদার আরিফুর রহমান বলেন, বর্তমান শিল্পখাতে একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশ সহজ করবে।
সভাপতির বক্তব্যে রুমানা রাশিদ বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। কর্মমুখী প্রশিক্ষণ ও সরাসরি নিয়োগ কার্যক্রম শিল্পখাতকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এর অর্থায়নে পরিচালিত এসআইসিআইপি কর্মসূচির লক্ষ্য হলো প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের শিল্পখাতের সঙ্গে যুক্ত করা এবং তাৎক্ষণিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

