Advertisement

বন্ধ না হলেও আর্থিক সংকটে ধুঁকে ধুঁকে চলা তৈরি পোশাক কারখানাগুলোর জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গঠিতব্য বিশেষ তহবিল থেকে এসব কারখানাকে সহায়তা দেওয়া হবে।

সোমবার (১১ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর নেতাদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।

বৈঠকে ব্যবসায়ী নেতারা বাংলাদেশ ব্যাংকের কয়েকটি নীতির সমালোচনা করেন এবং বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে বিভিন্ন ধরনের নীতি সহায়তার দাবি জানান।

মাহমুদ হাসান খান বলেন, ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে কোন কোন ক্ষেত্রে সরকারি সহায়তা প্রয়োজন, সে বিষয়ে লিখিত প্রস্তাব দিতে বলেছেন প্রধানমন্ত্রী। প্রস্তাব জমা দিলে তা বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন তিনি।

তিনি আরও জানান, আগামী ঈদুল আজহার পর বিজিএমইএ পরিচালনা পর্ষদের সঙ্গে আবারও বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, রপ্তানি বহুমুখীকরণের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে রাজশাহীর সরকারি রেশম শিল্প-কারখানাগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মোক্তাদির, পূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এবং শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন উপস্থিত ছিলেন।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com