Advertisement

বাংলাদেশ থেকে তৈরি পোশাক, খাদ্যপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য, সংস্কৃতি, ক্রীড়া ও অভিবাসন খাতে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে উভয়পক্ষ।

রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ইতালির রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি পণ্যের মান ও সম্ভাবনা ইতালির বাজারে ইতিবাচকভাবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে তৈরি পোশাক, খাদ্যপণ্য এবং চামড়াজাত পণ্য আমদানিতে তাদের আগ্রহ বাড়ছে।

এ ছাড়া বাংলাদেশের শিল্পখাতের আধুনিকায়নে সহযোগিতার অংশ হিসেবে ইতালি থেকে আধুনিক প্রযুক্তি ও শিল্পকারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি আমদানির আহ্বান জানানো হয়।

বৈঠকে সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পর্ক জোরদারের বিষয়ও গুরুত্ব পায়। এর অংশ হিসেবে বাংলাদেশে ইতালির জনপ্রিয় ফুটবল ক্লাবগুলোর সফর ও প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

নিরাপদ ও নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনা সহজ করতে চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন তারা।

বৈঠকে উপস্থিত ছিলেন ইতালির মিশনের উপ-প্রধান ফেদেরিকো জাম্পারেল্লি। উভয়পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ-ইতালি সম্পর্ককে আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com