ঢাকায় “ইউনিফর্ম সার্ভিস রুলস ইন আরএমজি অ্যান্ড টেক্সটাইল সেক্টরস ইন বাংলাদেশ” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেলে দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ (আইইবি) সদর দপ্তরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র সভাপতি ও রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার খান মনজুর মোরশেদ, ইঞ্জিনিয়ার শাইখ আল আমিন, ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার, ইঞ্জিনিয়ার নাসিরউদ্দিন মিয়া এবং ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসাইন।
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. সাব্বির মোস্তফা খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ (সেলিম)। বক্তারা বলেন, দেশের আরএমজি ও টেক্সটাইল খাতে একটি সমন্বিত ও একক সার্ভিস নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি।
এর মাধ্যমে কর্মপরিবেশ উন্নয়ন, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং শিল্পখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে এই ধরনের ইউনিফর্ম নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার সুমায়েল মোহাম্মদ মল্লিক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইঞ্জিনিয়ার মো. সাঈদুর রহমান। সেমিনারে শিল্প সংশ্লিষ্ট প্রকৌশলী, শিক্ষাবিদ ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

