বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (BUFT) বাংলাদেশ আন্তর্জাতিক টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি (BTKG) এক্সপো ২০২৬-এ অংশগ্রহণ করেছে। গত ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অনুষ্ঠিত এ প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়টি টেকসই উন্নয়ন ও সার্কুলার ফ্যাশন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করে।
৩০ এপ্রিল International Convention City Bashundhara (ICCB)-এ অনুষ্ঠিত সেমিনারের শিরোনাম ছিল “Circular Fashion in Bangladesh: From Waste Crisis to Competitive Advantage”। এতে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল খাতে বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার এবং টেকসই উৎপাদন ব্যবস্থার সম্ভাবনা তুলে ধরা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন BUFT-এর জনসংযোগ পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. রায়েদ বরকত। তিনি বৈশ্বিক পর্যায়ে সার্কুলার ফ্যাশনের ক্রমবর্ধমান গুরুত্ব এবং এ খাতে একাডেমিয়া ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। প্যানেল আলোচনায় অংশ নেন BUFT-এর ভাইস চ্যান্সেলর (ডেজিগনেট) প্রফেসর ড. ইঞ্জি. আয়ুব নবী খান, প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসাইন, ডিন প্রফেসর ড. মো. আব্দুল জলিল এবং সহকারী অধ্যাপক সারমিলি সরকার।
আলোচনায় নীতিগত চ্যালেঞ্জ, শিক্ষাক্রমে টেকসই বিষয় সংযুক্তকরণ, রিসাইক্লিং উদ্ভাবন এবং তরুণদের সম্পৃক্ততার বিষয়গুলো গুরুত্ব পায়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরে বক্তা ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।

