আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সাফল্য অর্জন করেছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি (এএমটি) বিভাগের শিক্ষার্থী মো. আতিকুর রহমান।

২০২৬ সালের ৭ নভেম্বর হংকং সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্কসে (এইচকেএসটিপি) অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘ডেটাডেভেলপ প্রাইজ (ডিডিপি) ২০২৬ এইচকে কেস প্রতিযোগিতা’-য় তিনি প্রথম রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন।

প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে বাংলাদেশের ১২টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার আবেদনকারীকে পেছনে ফেলে আতিকুরের দল জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। এর মাধ্যমে দলটি হংকংয়ের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিযোগীদের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায় এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল ‘সীমাবদ্ধতা থেকে ব্যবসায়িক মূল্য: এজেন্টিক এআই-এর মাধ্যমে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) জুড়ে সার্কুলার সাপ্লাই চেইন তৈরি’। জটিল শিল্পভিত্তিক সমস্যা বিশ্লেষণ, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কৌশল প্রয়োগের মাধ্যমে আতিকুর রহমান প্রতিযোগিতায় নিজের দক্ষতার স্বাক্ষর রাখেন।

এই আন্তর্জাতিক অর্জনে বিইউএফটি পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব মেসবা উদ্দিন আলী, উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান এবং অ্যাপারেল স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবাইয়াত চৌধুরী এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

এদিকে, প্রতিযোগিতার আয়োজক ডেটাডেভেলপ কনসাল্টিং লিমিটেড এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. হেনরি সু-কে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি দলের আন্তর্জাতিক যাত্রায় ভ্রমণ পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ (গার্মেন্টটেকবিডি)-এর প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

আতিকুর রহমানের এই অর্জন শুধু বিইউএফটি নয়, বরং বাংলাদেশের উচ্চশিক্ষা, তৈরি পোশাকশিল্প এবং তরুণ প্রজন্মের উদ্ভাবনী সক্ষমতার জন্যও এক গর্বের বিষয়। তাঁর এ সাফল্য আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা ও দক্ষতাকে আরও দৃশ্যমান করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com