গবেষণা, সৃজনশীলতা ও উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করার পাশাপাশি মেধাস্বত্বের সুরক্ষা সম্পর্কে শিক্ষক ও গবেষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) মেধাস্বত্ব অধিকার (আইপিআর) বিষয়ক একটি সেমিনারের আয়োজন করেছে।

আজ ১১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুরোধে বিইউএফটির টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিআইএসসি) এ সেমিনারের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের ১০১ নম্বর সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স বিভাগের পরিচালক ড. দুর্গা রানী সরকার এবং অতিরিক্ত পরিচালক আকরাম আলী খান। মূল বক্তব্য উপস্থাপন করেন একই বিভাগের উপপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির উল্লাহ।

সেমিনারে মেধাস্বত্ব অধিকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক ও শিল্প নকশা এবং বাংলাদেশে পেটেন্ট ও কপিরাইট নিবন্ধনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রাতিষ্ঠানিক গবেষণা, সৃজনশীল কর্ম, উদ্ভাবনী ধারণা এবং নকশাসংশ্লিষ্ট মেধাসম্পদ সুরক্ষার বাস্তবসম্মত উপায় তুলে ধরা হয়।বক্তারা উচ্চশিক্ষায় গবেষণার মানোন্নয়ন, সৃজনশীলতা বিকাশ এবং গবেষক ও উদ্ভাবকদের মৌলিক অবদান সুরক্ষিত রাখতে মেধাস্বত্ব অধিকারের গুরুত্ব তুলে ধরেন।

তাঁরা বলেন, গবেষণা ও উদ্ভাবনের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে মেধাস্বত্ব সুরক্ষা সম্পর্কে সচেতনতা এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি।সেমিনারটি বিইউএফটির শিক্ষক ও গবেষকদের মেধাস্বত্ব সুরক্ষার আইনি কাঠামো, নিবন্ধন প্রক্রিয়া এবং প্রাতিষ্ঠানিক গবেষণার ফলাফল সংরক্ষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করে।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিইউএফটি গবেষণার উৎকর্ষ সাধন, উদ্ভাবনী কার্যক্রমের প্রসার এবং মেধাস্বত্ব ব্যবস্থাপনা বিষয়ে প্রাতিষ্ঠানিক সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com