চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্যানুযায়ী, আলোচ্য সময়ে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি ৯ দশমিক ৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩৭ কোটি মার্কিন ডলারে, যা আগের বছরের একই সময়ে ছিল ২১৭ কোটি ডলার। বিশেষ করে জাপান, তুরস্ক, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে বাংলাদেশের পোশাকের চাহিদা ও রপ্তানি প্রবৃদ্ধি দেশের অর্থনৈতিক সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।​

এই নতুন বাজারগুলোর মধ্যে সবচেয়ে চমকপ্রদ সাফল্য এসেছে তুরস্ক থেকে; যেখানে বাংলাদেশের পোশাক রপ্তানি দ্বিগুণেরও বেশি বা ১০৭ দশমিক ০৫ শতাংশ বেড়েছে। চার মাসে তুরস্কে রপ্তানি আয় দাঁড়িয়েছে ২০ কোটি ৬৫ লাখ ডলারে।

অপরদিকে অপ্রচলিত বাজারের মধ্যে একক দেশ হিসেবে এখনো শীর্ষে রয়েছে জাপান, যেখানে রপ্তানি ২ দশমিক ৪০ শতাংশ বেড়ে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারে পৌঁছেছে। এছাড়া অস্ট্রেলিয়ায় ৩ দশমিক ০১ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ায় ৫ দশমিক ৮২ শতাংশ প্রবৃদ্ধি হলেও প্রতিবেশী ভারতে রপ্তানি কমেছে ৫ দশমিক ৩৮ শতাংশ।

একই ইতিবাচক ধারা বজায় ছিল একক মাস হিসেবে অক্টোবরেও, যেখানে নতুন বাজারে তৈরি পোশাক পাঠিয়ে আয় এসেছে প্রায় ৫৬ কোটি ডলার।​

পোশাক খাতের এমন অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের পণ্য বহুমুখীকরণ ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে শক্ত অবস্থান তৈরিতে ‘থ্রি-আর’ কৌশল নিয়ে কাজ করছে। এলডিসি উত্তরণের আগেই দেশকে একটি আঞ্চলিক উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে রূপান্তর করতে প্রয়োজনীয় অবকাঠামো ও নীতি সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

খাত সংশ্লিষ্টদের মতে, নির্দিষ্ট কিছু বাজারের ওপর একক নির্ভরতা কমিয়ে জাপান ও তুরস্কের মতো বিকল্প বাজার সম্প্রসারণ করা সম্ভব হলে তা ভবিষ্যতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা আরও বহুগুণ বাড়িয়ে দেবে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com