ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকার সাভারের আশুলিয়া শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার (১০ নভেম্বর) এলাকার ৪১টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সকালে আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকরা যথারীতি কাজে যোগ দেওয়ার জন্য প্রবেশ করলেও কিছুক্ষণের মধ্যেই তারা হাজিরা দিয়ে বাইরে বেরিয়ে আসেন। এরপর প্রায় চার থেকে পাঁচটি স্পটে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

যেসব পোশাক কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য— এনভয় গ্রুপ, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস লিমিটেড, সি.এস.এল. নিট কম্পোজিট, স্টারলিং অ্যাপারেলস, এএম ডিজাইন লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, টেক ম্যাক্স লিমিটেড, নেক্সট কালেকশন, ভার্চুয়াল বটমস লিমিটেড, ইয়াগী বাংলাদেশ লিমিটেড, স্টারলিং স্টাইলস লিমিটেড, বানদো ডিজাইন লিমিটেড, সিনসিন অ্যাপারেলস লিমিটেড, সাদ ফ্যাশন লিমিটেড ও রেজা ফ্যাশন লিমিটেড।

এছাড়া দুপুর ১টার পর পরিস্থিতি বিবেচনা করে হা-মীম গ্রুপের কারখানাগুলোতেও ছুটি দেওয়া হয়।পরিস্থিতি নিয়ে আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শিল্প পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের গুলিতে হতাহতের যে খবর ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে এসপি মমিনুল ইসলাম বলেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো রাবার বুলেট বা শর্টগান ব্যবহার করেনি।”

মজুরি বোর্ডের বৈঠক ও শ্রমিকদের দাবি:পোশাক খাতে গত কয়েক সপ্তাহ ধরেই মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে। তৈরি পোশাক শ্রমিকদের নতুন বেতন স্কেল নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে শ্রমিকদের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। তবে মালিকপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব জমা দেয়নি; তারা সিদ্ধান্ত জানাতে এক সপ্তাহের সময় চেয়েছে।মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বৈঠক শেষে জানান, আগামী চার কর্মদিবসের মধ্যে মালিকপক্ষকে প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে মজুরি বোর্ড নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন জানান, শিল্প এলাকায় চলমান শ্রমিক অসন্তোষের কারণে সব কারখানা মালিকদের সাথে সমন্বয় করে প্রস্তাব তৈরি করা সম্ভব হয়নি। এজন্য তারা বাড়তি সময় চেয়েছেন।মজুরি বোর্ড গঠন সংক্রান্ত এই আলোচনার আগেই পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোটের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩২,১৩১ টাকার প্রস্তাব দিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com