‘চীনা ভাষা ও টেক্সটাইল বৃত্তিমূলক দক্ষতা’ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে কারিগরি দক্ষতা অর্জন নিটার শিক্ষার্থীদের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা চীনে অনুষ্ঠিত ‘চীনা ভাষা ও টেক্সটাইল বৃত্তিমূলক দক্ষতা’

শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন। এ উপলক্ষে প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সনদপত্র প্রদান করা হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে চীনের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণ সমাপনী সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব সেলিমুজ্জামান মোল্লা। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় ও তত্ত্বাবধানে ছিলেন বিটিএমএর পরিচালক এবং বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব মোঃ খোরশেদ আলম। নিটারের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত পরিচালক জনাব উম্মে সারা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব বুরহান উদ্দিন বান্না এবং সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ বিল্লাল হুসাইন। তাঁরা শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক অর্জনে অভিনন্দন জানান এবং অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের টেক্সটাইল শিল্পের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।

উল্লেখ্য, ‘ডিজিটাল সিল্ক রোড’ প্রকল্পের আওতায় আয়োজিত এই বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নিটারের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল চীনের শাওসিং শহরে অবস্থান করে। কর্মসূচিটিতে ঝেজিয়াং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক সহযোগী এবং ঝেজিয়াং কৃষি ব্যবসা কলেজ প্রশিক্ষণের আয়োজক ক্যাম্পাস হিসেবে দায়িত্ব পালন করে। প্রশিক্ষণ চলাকালে শিক্ষার্থীরা আধুনিক টেক্সটাইল প্রযুক্তি, স্মার্ট স্বয়ংক্রিয় ব্যবস্থা, ঐতিহ্যবাহী ডাইং ও প্রিন্টিং প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।

পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রযুক্তিগত দক্ষতা বিকাশের সুযোগ পান। এ ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব শিল্পক্ষেত্রের সঙ্গে পরিচিত হতে এবং বৈশ্বিক কর্মবাজারে নিজেদের পেশাগত যোগ্যতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিটারের শিক্ষার্থীদের এই অর্জন শুধু প্রতিষ্ঠানের জন্যই নয়, বরং বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রেও একটি ইতিবাচক পদক্ষেপ। ভবিষ্যতেও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বমানের টেক্সটাইল প্রকৌশলী তৈরিতে নিটারের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com