পোশাকশিল্পের নতুন মজুরি বোর্ড গঠন করায় সন্তোষ প্রকাশ করেছে চারটি ক্রিয়াশীল শ্রমিক জোট। একই সঙ্গে জাতীয় পে-স্কেল ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা বা ৩০০ মার্কিন ডলার নির্ধারণের দাবি জানিয়েছে জোটগুলো। পাশাপাশি গ্রেফতার শ্রমিক ও শ্রমিক নেতাদের রিমান্ড বাতিল করে নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে তারা।
সম্প্রতি চারটি শ্রমিক জোটের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পরিপ্রেক্ষিতে নতুন মজুরি বোর্ড গঠন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা আশা প্রকাশ করেন, সরকারি পে-স্কেল ও বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে চারটি জোটের ৩৫টি ফেডারেশন ঘোষিত ৩৭ হাজার ১২৫ টাকা বা ৩০০ ডলার ন্যূনতম মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড। এ ছাড়া শ্রম আইন সংশোধনের সঙ্গে সঙ্গে চলতি বছরের ডিসেম্বর থেকে পোশাকশিল্পে নতুন মজুরি নির্ধারণের বাধ্যবাধকতা রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিভিন্ন শিল্পাঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে শ্রমিক নেতারা বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মজুরি বোর্ড গঠনের সময় শ্রমিক ও শ্রমিক নেতাদের গ্রেফতার এবং রিমান্ডের ঘটনা পোশাকশিল্পে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।
বিবৃতিতে গ্রেফতার শ্রমিক নেতা মোর্শেদ আলম কাউছার, রোজিনা আক্তার সুমি, মোস্তফা কামাল, আসাদুল ইসলাম মাসুদ ও আলী আসগরসহ সব গ্রেফতার শ্রমিক ও শ্রমিক নেতার রিমান্ড বাতিল করে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
একই সঙ্গে পোশাকশিল্পে শান্তিপূর্ণ ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ। শ্রমিক ও শ্রমিক নেতাদের ওপর হামলা, হয়রানি, নির্যাতন, মিথ্যা মামলা এবং অন্যায়ভাবে ছাঁটাই বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, মজুরি বোর্ডের কার্যক্রম চলাকালে শ্রমিকদের স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে হবে। কোনো ধরনের প্ররোচনা বা উস্কানিতে পা না দিয়ে শ্রমিক আন্দোলন যেন কোনো গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে ন্যায্য ও যৌক্তিক অধিকার আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।
যৌথ বিবৃতিদাতা চারটি শ্রমিক জোট হলো— গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ), গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, গার্মেন্টস শ্রমিক পরিষদ এবং এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের পক্ষে বার্তা প্রেরক হিসেবে ছিলেন গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (জি-স্কপ) যুগ্ম সমন্বয়ক বাচ্চু মিয়া।


