শারদীয় দুর্গাপূজার ছুটি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত ‘ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড’ (স্ট্যান্ডার্ড গ্রুপ)-এর কারখানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটির পাশাপাশি অতিরিক্ত আরও এক দিনের ছুটির দাবিতে শ্রমিকরা কোনাবাড়ী-পল্লী বিদ্যুৎ আঞ্চলিক সড়কে অবস্থান নেন। শ্রমিকদের দাবি, একই প্রতিষ্ঠানের অন্যান্য শাখায় তিন দিনের ছুটি দেওয়া হলেও তাদের শাখায় মাত্র একদিন ছুটি অনুমোদন করেছে কর্তৃপক্ষ।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, কেবল ছুটির মেয়াদ বাড়ানোই নয়, তাদের আরও বেশ কিছু দাবি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—বেতনের বিকাশ খরচ পরিশোধ করা, সাপ্তাহিক ছুটি শুক্রবারেই বহাল রাখা, শুক্রবার কাজ করালে ওভারটাইম সুবিধা দেওয়া এবং অহেতুক শ্রমিক ছাঁটাই বন্ধ করা। এছাড়া ফ্লোরে আগের মতো নামাজের ব্যবস্থা রাখা, শ্রমিকদের সঙ্গে স্টাফদের ভালো ব্যবহার এবং দাঁড়িয়ে কাজ করা ফিনিশিং সেকশনের শ্রমিকদের চেয়ার দেওয়ার দাবিও জানান তারা।
এ বিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বাড়তি ছুটির দাবিতে শ্রমিকরা রাস্তা বন্ধ করে রেখেছিলেন। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।


