প্রযুক্তিগত উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ ও কর্মী কল্যাণে বিশেষ অবদান রাখা পোশাক কারখানাগুলোকে সম্মানিত করতে আসছে ‘টেক্সটাইল টেকসই নেতৃত্ব বা টিএসএল অ্যাওয়ার্ড’ (TSL Award)। আগামী ১৮ ও ১৯ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাপারেল এক্সপো ‘বাটেক্সপো ২০২৬’ (BATEXPO 2026)-এর ২৫ বছর বা সিলভার জুবিলি আসরে প্রদান করা হবে এই সম্মাননা। মেলাটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে পিডিএস লিমিটেড।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানি কারক সমিতি (বিজিএমইএ) এবং জার্মান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘জিআইজেড’-এর যৌথ উদ্যোগে এই সম্মাননা দেওয়া হবে। এতে সহায়তা করছে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয় (বিএমজেড) এবং বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়।

চারটি বিশেষ ক্যাটাগরিতে মোট ১২টি ব্যতিক্রমী উদ্যোগকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হবে। অনুষ্ঠানে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মাননীয় মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে এই ট্রফি তুলে দেবেন।

পুরস্কারের ৪টি ক্যাটাগরি:

১. পিপল ফাস্ট (কর্মী কল্যাণ): পোশাক শ্রমিকদের সার্বিক কল্যাণ, পরিবেশবান্ধব মডেল কারখানা, নারী নেতৃত্ব এবং স্থানীয় উন্নয়নমূলক কাজ।

২. প্ল্যানেট পজিটিভ (পরিবেশ সুরক্ষা): বছরের সেরা টেকসই উদ্যোগ, পানি পুনর্ব্যবহার বা সংরক্ষণ এবং সার্কুলার টেক্সটাইল পদ্ধতি।

৩. নেক্সট ফ্রন্টিয়ার (প্রযুক্তি ও উদ্ভাবন): বিজনেস ইনোভেশন, ভবিষ্যৎ-বান্ধব প্রযুক্তি প্রয়োগ এবং কর্মী-কেন্দ্রিক নতুন চিন্তা।

৪. রাইজিং স্ট্রেন্থ (ক্ষুদ্র ও মাঝারি কারখানা): ক্ষুদ্র কারখানার বড় প্রভাব, কার্যকর সাশ্রয়ী উদ্ভাবন এবং দায়িত্বশীল ব্যবসার বিকাশ।

বিজয়ীদের যোগ্যতা অনুযায়ী প্ল্যাটিনাম, গোল্ড ও সিলভার—এই তিন ধাপে পুরস্কৃত করা হবে।

এ বিষয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “বিশ্ববাজারের চাহিদা পূরণে আমাদের তৈরি পোশাক কারখানাগুলো সবুজ পরিবেশ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিশ্বজুড়ে দৃষ্টান্ত স্থাপন করছে। এই পুরস্কার উদ্যোক্তাদের আরও বেশি উৎসাহিত করবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান শক্ত করবে।”

জিআইজেড বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক ড. মাইকেল ক্লোড জানান, বিজিএমইএ-এর সাথে এই যৌথ উদ্যোগ বাংলাদেশে একটি টেকসই ও পরিবেশবান্ধব পোশাক শিল্প গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে।

একই কথা ব্যক্ত করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, “টেকসই ব্যবসা এখন আর কোনো বিলাসিতা নয়, এটি টিকে থাকার প্রধান শর্ত। শ্রমজীবী মানুষের পরিশ্রমে গড়ে ওঠা আমাদের এই তৈরি পোশাক খাত ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।”

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com