রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ১৩ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ‘১৩তম বাংলাদেশ ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড অ্যাকসেসরিজ শো-২০২৬’ এবং ‘বাংলাদেশ টেক্সকেম এক্সপো’। তৈরি পোশাক খাতের আধুনিক প্রযুক্তি ও নতুন উদ্ভাবন তুলে ধরতে যৌথভাবে চার দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

সোমবার (১০ আগস্ট) আয়োজক সংস্থা ‘এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড’ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, আন্তর্জাতিক এই প্রদর্শনীতে দেশি-বিদেশি ১৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে তৈরি পোশাক শিল্পের উপযোগী বিভিন্ন ধরনের সুতা, ফেব্রিক, অ্যাকসেসরিজ, টেক্সটাইল কেমিক্যাল ও আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হবে। এর ফলে দেশের পোশাক প্রস্তুতকারক, রপ্তানিকারক ও বায়িং হাউসের প্রতিনিধিরা আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।

প্রদর্শনীর উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। এছাড়া টেক্সটাইল ও পোশাক খাতের ব্যবসায়ী নেতা এবং বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন।আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া জানান, পোশাক খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী কাপড়ের সোর্সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় রপ্তানিকারকদের দোরগোড়ায় বিশ্বমানের সরবরাহকারীদের পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। প্রদর্শনীতে ভারতের ‘কেমেক্সসিল’-এর একটি বিশেষ প্যাভিলিয়ন থাকবে বলেও জানান তিনি।

এবারের প্রদর্শনীতে ওভেন ও নিটেড পোশাকের নানা জাতের সুতা, স্পোর্টস ও হোম টেক্সটাইল ফেব্রিক, প্রিন্টেড কাপড় এবং আধুনিক প্রসেসিং প্রযুক্তি তুলে ধরা হবে। ২০০২ সাল থেকে বাংলাদেশে নিয়মিত বাণিজ্য প্রদর্শনী করে আসা এএসকে ট্রেড জানায়, এই আয়োজন প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com