মোংলা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ‘জিনলাইট বাংলাদেশ লিমিটেড’ নামের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কারখানাটির একটি ভবনে এই আগুন লাগে। তবে তাৎক্ষণিক বিপৎসংকেত বেজে ওঠায় ও শ্রমিকরা সতর্কতার সঙ্গে দ্রুত ভবনের বাইরে বেরিয়ে আসায় অল্পের জন্য বেঁচে গেছেন কয়েক হাজার কারখানা কর্মী।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার দুপুরেও কারখানাটিতে কাজ করছিলেন শত শত নারী-পুরুষ শ্রমিক। হঠাৎ ১ নম্বর প্লান্টের সপ্তম তলায় তীব্র ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। এর পরপরই কারখানার জরুরি সাইরেন বেজে উঠলে ভেতরে থাকা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সবাই নিরাপদে ভবন থেকে নেমে এসে রাস্তায় আশ্রয় নেন। খবর পেয়ে মোংলা ইপিজেড ও মোংলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়।
তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার সহায়তায় প্রায় ৯০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন পোশাক কর্মীরা। পরে ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিভে যায়। অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি না ঘটলেও কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ সুতা, তৈরি পোশাক, আমদানিকৃত কাঁচামাল ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
এ বিষয়ে মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. এমরান হোসেন জানান, বৈদুতিক শর্ট সার্কিট থেকেই প্রাথমিক আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের পূর্বপ্রস্তুতি ও সচেতনতার কারণেই বড় কোনো প্রাণহানি ঘটেনি। বর্তমানে পুড়ে যাওয়া মালামালের তালিকা ও ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

