৫০০ হাসপাতালে বিশেষ ছাড় ও ২৪ ঘণ্টা মিলবে টেলিমেডিসিন সুবিধানিজস্ব প্রতিবেদক:পোশাক খাতের শ্রমিক ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে এক মাইলফলক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
এ লক্ষ্যে বেসরকারি বিমা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে বিকেএমইএ-এর এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, বিকেএমইএ-র নিবন্ধিত কারখানার শ্রমিক ও কর্মচারীরা অত্যন্ত সাশ্রয়ী বার্ষিক প্রিমিয়ামের বিনিময়ে ২৪ ঘণ্টা টেলিমেডিসিন সেবা, জীবনবিমা সুরক্ষা এবং দেশের ৫০০টিরও বেশি হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ মূল্যছাড়ের সুযোগ পাবেন। বিকেএমইএ জানায়, এ সুবিধার আওতায় শ্রমিকদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “শ্রমিকদের কল্যাণে বেসরকারি খাতের এ ধরনের যৌথ প্রয়াস একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এ উদ্যোগ থেকে অনুপ্রেরণা নিয়ে সরকার দেশের সর্বস্তরের শ্রমিকের জন্য স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তার আওতা আরও সম্প্রসারণে কাজ চালিয়ে যাবে।”
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “শ্রমিকদের সার্বিক কল্যাণ নিশ্চিতে সব সময় ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে বিকেএমইএ।”
এ চুক্তিকে পোশাকশিল্পে শ্রমিকদের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গুঞ্জন বাহাদুর ডাল্লাকোটি, গার্ডিয়ান লাইফের সহ-প্রতিষ্ঠাতা তপন চৌধুরী, স্পন্সর ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুরসহ উন্নয়ন সহযোগী সংস্থা ও পোশাক খাতের শিল্পোদ্যোক্তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, শ্রমিকদের সুস্বাস্থ্য ও কাজের অনুকূল পরিবেশ নিশ্চিতের মাধ্যমেই কেবল তৈরি পোশাক খাতকে টেকসই করা সম্ভব। বিকেএমইএ ও গার্ডিয়ান লাইফের এই যৌথ উদ্যোগ সেই ধারাবাহিকতা রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে।

